মনিরামপুরের বিএনপির ১৭ নেতা-কর্মী জামিনের পর কারাফটক থেকে আটক

0

স্টাফ রিপোর্টার ॥ জামিন পেয়েও থেকে মুক্তি মেলেনি যশোরের মনিরামপুর উপজেলার ১৭ জন বিএনপি নেতাকর্মীর। যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাদেরকে অন্য একটি তথাকথিত নাশকতা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। রোববার আদালত থেকে জামিন পাওয়ার পর কারা কর্তৃপক্ষ সকল আইনি প্রক্রিয়া শেষ করে সোমবার সকালে তাদেরকে মুক্তি দেয়ার জন্যে কারা ফটকে নিয়ে আসেন। সেখান থেকেই তাদেরকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে পুনরায় কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়।
তাদের আইনজীবী অ্যাড. শহীদ ইকবাল হোসেন ও এম গফুর জানান, রোববার যশোর জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হলেন, মনিরামপুরের ঝাঁপা গ্রামের তারিকুর রহমান এডিশন, কোমলপুরের আবুল কাশেম, নেহালপুরের জি এম আছমতুল্লাহ আছমত, হোগলাডাঙ্গার শিমুল হোসেন, পাড়িয়ালীর প্রভাষক নাজমুল হক লিটন, হাকিমপুরের আফসার আলী, গোবিন্দপুরের হারুন অর রশিদ, মনোহরপুরের নাজিম উদ্দিন সরদার, জলকর রোহিতার মতলেব বিশ্বাস, আড়সিংগাড়ীর হামিদুল ইসলাম, কাজিয়াড়ার তহিদুল মোল্লা, মো. সুমন, মো. হাসান, সাগর হোসেন, খানপুরের আব্দুস সাত্তার,আটঘরার আব্দুরর রাজ্জাক ও সালামতপুর গ্রামের সিরাজুল ইসলাম । রোববার আদালত তাদের জামিন মঞ্জুর করার পর নিয়মানুযায়ী তাদের জামিনের কাগজপত্র কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ জানিয়ে দেয়, সোমবার সকাল ৯ টার পর তাদের মুক্তি দেয়া হবে। এর আগেই তাদের স্বজনরা কারা ফটকের সামনে হাজির হন । কিন্তু তার আগেই কাক ডাকা ভোরে মনিরামপুর থানার এস আই আতিকের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য পোশাকে এবং সাদা পোষাকে কারা ফটকসহ আশপাশ এলাকায় অবস্থান নেয়। পরে মনিরামপুর থানার ওই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে তাদের শ্যোন অ্যারেস্টের বিষয়টি নিশ্চিত হয়ে উপস্থিত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। যাওয়ার আগে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের স্বজনদের জানিয়ে দেন, আপনারা বাড়ি চলে যান। ওরা বের হবেনা । এমন সংবাদ পেয়ে স্বজনরা অশ্রুসজল নয়নে বাড়ি চলে যান।
জামিনপ্রাপ্ত প্রথম ১৪ জনকে গেল ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে আটক করা হয়। এরপর জামায়াত-শিবির সংক্রান্ত একটি বিষয় উল্লেখ করে গেল ১/১০/২০২৩ তারিখে পুলিশের দায়েরকৃত ২৭১/২৩ নং মামলায় তাদের আটক দেখানো হয়। কিন্তু ওই মামলার এহাজারে কেবলমাত্র জামায়াত-শিবির সংক্রন্ত বিষয়াদি উল্লেখ থাকলেও মামলার এজাহারে কোথাও বিএনপি সংক্রান্ত কোন বিষয় উল্লেখ নেই। অথচ আটক সকলেই বিএনপির পদধারী । এই ১৪ জনকে থানা বিএনপির আহ্বায়ক অ্যাড.শহীদ ইকবাল হোসেনের বাসভবনে দলীয় বৈঠক চলাচলাকালে ফ্রেব্রুয়ারি মাসে পুলিশ একটি মামলা দায়ের করে। যার নম্বর ৪৪/২৩। সেই মামলায় তাদেরকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এই ১৪ জনের আইনজীবী ছিলেন, অ্যাড. শহীদ ইকবাল হোসেন।
এর মধ্যে বাকি ৩ জনকে ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে আটক করা হয়। শহীদ ইকবাল হোসেনের বাসভবন সংক্রান্ত ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। সোমবার কারা ফটক থেকে তাদেরকে পুনরায় জামায়াত-শিবির সংক্রান্ত ২৭১/২৩ নম্বর মামলায় আটক দেখানো হয়। এই ৩ জনের আইনজীবী এম এ গফুর।
মামলার আইনজীবী অ্যাড. শহীদ ইকবাল হোসেন বলেন, দেশে তো আর আইন বলতে কিছু নেই। পুলিশ শাসকদলের অনুগত হয়ে বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানি করছে। কেবলমাত্র চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে দূরে রাখতে এটা করছে।
অপর আইনজীবী এম এ গফুর বলেন,ক্ষমতাসীনরা তাদের রাজনৈতিক কার্য চরিতার্থ করতে তাদেরকে এই হয়রানিমূূলকভাবে আটক করা হয়েছে।
এ বিষয় মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই।
যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, মনিরামপুরের ১৭ নেতাকর্মী রোববার আদালতের মাধ্যমে জামিন পান। আদালত থেকে জামিন পেলেও থানার নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাদেরকে শ্যোনঅ্যারেস্ট দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।