মধু আহরণে সুন্দরবনে প্রবেশ করলেন মৌয়াল

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হয়েছে। বন বিভাগের কাছ থেকে বৈধ পাস নিয়ে মঙ্গলবার (০১ এপ্রিল) সকাল থেকে পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনে প্রবেশ শুরু করেছেন মৌয়ালরা। ঈদের ছুটির কারণে এবার মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিকতা হবে আগামী ৭ এপ্রিল।
বন বিভাগ সূত্র জানায়, মধু আহরণের আনুষ্ঠানিকতা শুরু না হলেও ১ এপ্রিল সকালে মধু সংগ্রহে ৪টি নৌকায় বেশ কয়েকজন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করেছে। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে বনজীবী মৌয়ালদের হাতে পাস উঠিয়ে দেন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম, উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিপিজির সদস্য ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের তথ্য মতে, চলতি ২০২৫ মৌসুমে সরকারিভাবে মধু আহরণের লক্ষ্যমাত্রা ১৫শ কুইন্টাল ও মোমের লক্ষ্যমাত্রা ৪০০ কুইন্টাল নির্ধারণ করা হয়েছে। ০১ এপ্রিল বুড়িগোয়ালিনী ও কোবাদক স্টেশন থেকে ৯টি পাস সংগ্রহ করেছে মৌয়ালরা। এর মধ্যে সকালে ৪টি নৌকা সুন্দরবনে প্রবেশ করে।
মৌয়াল ফজলুল হক বলেন, ঈদের পর আনন্দের সাথে আশা নিয়ে সুন্দরবনে যাচ্ছি মধু আহরণের জন্য। কিন্তু মৌসুম শুরুর আগে অবৈধভাবে সুন্দরবন থেকে যে হারে মধু চুরি হয়েছে, জানি না আশানুরূপ মধু পাবো কিনা। অল্প জায়গায় মধু আহরণ করে আমাদের পরিবার পরিজনের ভরণপোষণ ও মহাজনের চালান ওঠানো কঠিন।
আগামী দিনে সুন্দরবনের অভয়ারণ্যগুলোতেও মধু আহরণের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, পবিত্র ঈদুল-ফিতরের কারণে এ বছর জাকজমকপূর্ণ ভাবে পহেলা এপ্রিলে মধু আহরণের উৎসব হয়নি। কিন্তু সীমিত পরিসরে মধু আহরণের জন্য পাস দেওয়া হয়েছে বনজীবী মৌয়ালদের।