মণিরামপুর ও চৌগাছা সড়ক দুর্ঘটনায় নিহত ২

0

 

স্টাফ রিপোর্টার, মণিরামপুর ও চৌগাছা  (যশোর)॥ যশোরের  মণিরামপুর ও চৌগাছা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়  এক ভ্যানচালক ও এক শ্রমজীবী নারীর মৃত্যু হয়েছে। দুইটি ঘটনাই বৃহস্পতিবার দুপুরে ঘটেছে। চৌগাছায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন চার জন। মণিরামপুরে ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ ।   বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙ্গা নামক স্থানে ট্রাক চাপায়  আলমগীর হোসেন (৪০) নামের এক ইঞ্জিনচালিত ভ্যানচালকের মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে কেশবপুর থেকে আটক করেছে। নিহত আলমগীর হোসেন কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামের শেখ নূর ইসলামের ছেলে। ঘটনার সময় তিনি ভ্যানে বিচালি বোঝাই করে যশোরের দিক থেকে মণিরামপুরের দিকে আসছিলেন।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে বিচালি বোঝাই করে আলমগীর যশোরের দিক থেকে আসছিলেন। তিনি চালকিডাঙা বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে আলমগীরের মৃতু হয়। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে স্থানীয়দের সহায়তায় কেশবপুর থেকে আটক করা হয়েছে। অপরদিকে চৌগাছায় সড়ক দুর্ঘটনায় সুফিয়া বেগম (৬৫) নামে এক নারী ক্ষেতমজুরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার ব্যক্তি। নিহত সুফিয়া বেগম উপজেলার হাজরাখানা গ্রামের নওয়াব আলীর স্ত্রী ও ৩ সন্তানের জননী। বৃহস্পতিবার দুপুরে চৌগাছা-মহেশপুর সড়কে পীর বলুহ দেওয়ান দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সুফিয়া বেগম বাড়ির পাশে ফসলি জমিতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মহেশপুরের দিক থেকে আসা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো ক ০৩-৬৮৮৪) ওই নারীকে চাপা দিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। ঘটনাস্থালেই সুফিয়া বেগমের মৃত্যু হয়। আহত হন প্রাইভেটকারের চালকসহ কারে থাকা চার ব্যক্তি। আহত উপজেলার বলিদাপাড়া গ্রামের ফজল আলীর ছেলে নাজমুল হোসেন (৪০) ও বারুইহাটি গ্রামের খাইরুল ইসলামের ছেলে আশাদুল ইসলাম আশাকে (৩৫) চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর দুইজনের অবস্থা মারাত্মক হওয়ায় তাদেরকে যশোরে নেয়া হয়েছে বলে জানা গেছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেয়া হয়। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।