মাগুরায় যুবদল নেতা হত্যায় নারীসহ আটক ২

0
নিহত মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন, ছবি: সংগৃহীত।

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরায় পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে পুলিশ।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহত শাকেরের স্ত্রী শারমিন নাহার একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার পরপরই বুধবার দিবাগত রাতে শামীমা তাবাসসুম নামের এক নারী ও রনি সিকদার নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, জেলা পুলিশের একাধিক টিম এই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে। রাজনৈতিক টার্গেট কিলিং, পরকীয়া, সোনার চোরাচালান ও জমি দখলসহ বেশ কয়েকটি সম্ভাব্য দিক সামনে রেখে নিবিড়ভাবে তথ্য যাচাই-বাছাই চলছে। আশা করা যাচ্ছে, অচিরেই এই হত্যাকান্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।

বুধবার ভোর ৫টার দিকে মাগুরা বাস টার্মিনাল এলাকার রয়্যাল পরিবহনের কাউন্টারে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেনকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

পরে ময়নাতদন্তের সময় তার মাথার ভেতর থেকে রিভলবারের গুলি উদ্ধার করা হয়।