মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বারের উদ্বোধন

0

 

মজনুর রহমান মণিরামপুর (যশোর) ॥ মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার (৩০ মার্চ) ‘বৈকালিক চেম্বার’ উদ্বোধন করা হয়েছে। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.মঞ্জুরুল মুর্শিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিবেলে বৈকালিক চেম্বার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা.নাজমুস সাদিক রাসেল, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তন্ময় কুমার বিশ্বাস, সহকারী পুলিশ সুপার(মণিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা.অনুপ কুমার বসু প্রমুখ।
উদ্বোধনের পর পরই প্রথম রোগি দেখা হয় ঠান্ডা, সর্দি ও কাশিতে আক্রান্ত ২২ মাস বয়সি আরশী নামে এক কন্যা শিশুকে। উপজেলার দত্তকোনা গ্রামের আফরিন ও আনিছুর রহমান দম্পতি তাদের একমাত্র কন্যা শিশু আরশীকে নিয়ে আসেন বৈকালিক চেম্বারে ডাক্তার দেখাতে। এ সময় মা ও শিশু বিশেষজ্ঞ ডা.জেসমিন সুমাইয়া সরকারের নির্ধারিত ফিস তিনশ’ টাকা নিয়ে তাকে পরামর্শ (প্রেসক্রিপশন) দেন। তিনশ টাকায় বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরে আরশীর পিতা-মা খুব খুশি।
অপরদিকে হাসপাতালের ভিন্ন একটি কক্ষে বৈকালিক চেম্বারে মেডিকেল অফিসার ডা.রঘুরাম চন্দ্র সেবা দেন রুপা মন্ডল নামে এক গৃহবধূকে। তিনি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা(পরামর্শ) নিতে আসেন উপজেলার পাঁচকাটিয়া গ্রাম থেকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তন্ময় কুমার বিশ্বাস জানান, সারা দেশের ২০ উপজেলার পাইলট প্রকল্পের আওতায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বারের উদ্বোধন হয়েছে। বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৈকালিক চেম্বারে রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসারগরা। তিনি জানান, উদ্বোধনের পর মাত্র দুইজন রোগিকে পরামর্শ দেয়া হয়েছে।