মণিরামপুরে গৃহবধূ হীরা বেগম হত্যা মামলায় সাবেক স্বামীকে অভিযুক্ত করে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুর উপজেলার চাকলা গ্রামের গৃহবধূ হীরা বেগম হত্যা মামলায় ইউপি সদস্য সাবেক স্বামী ইসলাম গাজীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বকর। অভিযুক্ত ইসলাম গাজী চাকলা গ্রামের আমিনুর রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ১২ বছর আগে চাকলা গ্রামের সুমনের সাথে হীরা বেগমের বিয়ে হয়। হীরার স্বামী ভাংড়ি ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনি অধিকাংশ সময় নড়াইল থাকতেন। গত ইউপি নির্বাচনের সময় ইসলাম গাজী মেম্বার পদে নির্বাচন করেন। এ সময় তিনি সুমনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। একই সাথে নির্বাচনের আলাপ-আলোচনার জন্য মাঝে মধ্যে তার বাড়িতে আসতেন ইসলাম গাজী। এই সুবাদে ইসলাম গাজীর সাথে সুমনের স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। হীরা বেগম প্রেমের টানে সুমনকে তালাক দিয়ে ইসলাম গাজীকে বিয়ে করেন। ইসলাম গাজীর সাথে কয়েক মাস সংসার করার পর হীর বেগম তাকে তালাক দেন। আবার বিয়ে করেন সুমনকে। সুমন স্ত্রী সন্তান নিয়ে নড়াইলে নতুন করে সংসার শুরু করেন। ২০২২ সালের ৫ অক্টোবর হীরা বেগম তার ছেলেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিন ইসলাম গাজী কৌশলে হীরা বেগমকে হাসপাতাল থেকে নিয়ে যান। এ দিন হীরা বেগমকে খোঁজাখুজি করে উদ্ধারে ব্যর্থ হন স্বজনেরা। পরদিন সকালে মণিরামপুর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যানের ফোন পেয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে এসে হীরার লাশ শনাক্ত করেন স্বজনেরা। এ ঘটনায় হীরা বেগমের পিতা আক্তার মোল্যা ইসলাম গাজীসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় হত্যা মামলা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৭ অক্টোবর ইসলাম গাজীকে আটক করে আদালতে সোপর্দ করেন। ইসলাম গাজী হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। আসামির দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ইসলাম গাজীকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ইসলাম গাজীকে আটক দেখানো হয়েছে।