ভুয়া সেনা সদস্য পরিচয়ে নারীর সঙ্গে প্রতারণা, সাতক্ষীরায় যুবক আটক

0

লোকসমাজ ডেস্ক॥ সাতক্ষীরার কলারোয়ার দমদম বাজার থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয়দানকারী এবং প্রতারণার জালে ফেলে বহু নারীর ক্ষতিসাধনকারী যুবককে আটক করেছে র‌্যাব।
আটকের নাম আব্দুর রহমান (২৬)। তিনি আশাশুনি উপজেলার দক্ষিণ পুইজালা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।
শুক্রবার দুপুরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা জানান, আব্দুর রহমান সেনাবাহিনীর সদস্য পরিচয় নিয়ে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব একটি দল তাকে বৃহস্পতিবার রাতে আটক করে।
তিনি জানান, আটকের সময় আব্দুর রহমানের কাছ থেকে সৈনিক পদবির একটি নকল আইডি কার্ড, সেনাবাহিনীর একটি ফুল শার্ট ও একটি ফুল প্যান্ট, তার নামে একটি নেইম প্লেট, ফরমেশন সাইন, সোল্ডারব্যাচ ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
এএসপি পহন জানান, ভুয়া সেনা সদস্য পরিচয় দিয়ে যুবক রহমান একাধিক নারীর সাথে সম্পর্ক স্থাপন করে ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে; সেই প্রমাণ সংগ্রহ করে কলারোয়া থেকে তাকে আটক করা হয়।