৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, ৬ আগস্ট থেকে ঢুকতে পারবেন সাধারণ দর্শনার্থী

0
বুধবার সকালে 'জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিন কেবল শহীদ পরিবারগুলোর জন্য এবং বৃহস্পতিবার থেকে নির্ধারিত টিকিটে সাধারণের জন্য জাদুঘরটি উন্মুক্ত থাকবে।। ছবি: সংগৃহীত
আগামীকাল বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নিজে পুরো জাদুঘরটি ঘুরে দেখবেন।

উদ্বোধনের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের পরিদর্শনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, জুলাই জাদুঘর নির্মাণ বা এর প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বহুমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাদুঘর উদ্বোধনের বিশেষ দিনটি উদযাপন উপলক্ষে একই দিন বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন রাখা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সময়ের সঙ্গে সঙ্গে এই জাদুঘরের সংগ্রহশালাকে আরও সমৃদ্ধ ও পরিপূর্ণ রূপ দেওয়া হবে।

জাদুঘরে প্রবেশের নিয়মাবলী ও টিকিট সংক্রান্ত তথ্য তুলে ধরে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের প্রথম দিন (বুধবার) জাদুঘরটি কেবল জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য সংরক্ষিত ও উন্মুক্ত থাকবে। এরপর দিন থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত মূল্য পরিশোধ করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন। সাধারণ দর্শনার্থীদের জন্য প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানাবেন জাদুঘরের মহাপরিচালক।