সড়ক দুর্ঘটনায় আহত রাশেদ খানের শয্যাপাশে বিএনপির ভাইস চেয়ারম্যান

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খান (৩০)। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সাধারণ হাসপাতালের দ্বিতীয় তলার মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড় ১০টার দিকে রাশেদ খান তাঁর সহযোগী সাবনান হোসেন সাকিবের মোটরসাইকেলে চড়ে উপশহর থেকে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে উপশহর ট্রাফিক মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এসময় রাশেদ খানের বাম পায়ের হাড় ভেঙে যায়। তবে চালকের আসনে থাকা সাকিব অক্ষত থাকেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় রাশেদ খানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

ছবি: লোকসমাজ।

খবর পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম হাসপাতালে আহত রাশেদ খানকে দেখতে যান। তিনি বেশ কিছুক্ষণ তাঁর শয্যাপাশে অবস্থান করেন, শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। একই সাথে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আহামদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. এস এম নাজমুল হক, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপি নেতা এ কে শরফুদ্দৌলা ছোটলু, ঘোপ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মারুফুল ইসলাম এবং হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আহসান কবির বাপ্পি সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।