ভুয়া নিয়োগপত্র সিল স্ট্যাম্প জব্দ ফুলতলায় প্রতারক প্রণব র‌্যাবের হাতে আটক

0

শামসুল আলম খোকন, ফুলতলা (খুলনা) ॥ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের সিল ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র প্রদানের অভিযোগে প্রণব চ্যাটার্জি (৫৩) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব। ফুলতলা উপজেলার দামোদর পথেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সরকারি চাকরির ১১টি ভুয়া নিয়োগপত্র, ৯টি সিল, রাষ্ট্রপতির আদেশনামাসহ প্রতারণায় ব্যবহৃত স্ট্যাম্প ও চেক জব্দ করা হয়। আটক প্রণব কুষ্টিয়ার কুমারখালি উপজেলার রামদিয়া এলাকার পুরঞ্জয় চ্যাটার্জির পুত্র।
র‌্যাব জানায়, ফুলতলা এলাকায় চাকরি দেওয়ার নামে এক প্রতারক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দিবাগত রাত একটার দিকে ফুলতলা উপজেলার দামোদর পথেরবাজার এলাকার বাবলু সরদারের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে প্রণব চ্যাটার্জিকে আটক করা হয়। তার কাছ থেকে সরকারি চাকরির ১১টি ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন দপ্তরের ৯টি সিল, রাষ্ট্রপতির ৩ কপি আদেশনামা, ১টি চেক বই, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ৪টি সুপারিশনামা এবং ১টি স্ট্যাম্প জব্দ করা হয়। এ ব্যাপারে ভুক্তভোগী ফুলতলা বাজারের দর্জি ব্যবসায়ী মোহাম্মাদ আলী মুন্সী বাদী হয়ে প্রণব চ্যাটার্জিকে আসামি করে শুক্রবার রাতে ফুলতলা থানায় মামলা করেন।
মামলার বাদী অভয়নগর উপজেলার ধুলগ্রামের মোহাম্মাদ আলী বলেন, বিভিন্ন সময়ে তার দোকান থেকে কাপড় বানাতে এসে প্রণবের সাথে সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে তার ছেলে লিটনকে খুলনা কৃষি বিশ^ বিশ^বিদ্যালয়ে চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে ৬ লাখ টাকা হতিয়ে নিয়ে নিয়োগপত্র দেওয়ার ব্যাপারে টালবাহানা করতে থাকেন প্রণব। অনুরূপভাবে তিনি ধুলগ্রাম এলাকার আসলাম হোসেনের ছেলে সাকিবের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকা, ফুলতলা উপজেলার দামোদর ঋষিপাড়া এলাকার নিরোদের ছেলে শুভাংকরের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকা ও পঠিয়াবন্ধা এলাকার মৃত আলেক খানের ছেলে রিয়াদের কাছ থেকে ২ লাখ ৮৩ হাজার টাকা হাতিয়ে নেন। এছাড়া ডুমুরিয়া উপজেলার আরও দুই জনের কাছ থেকে ৬ লাখ ২১ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এদের সকলকে খুলনা কৃষি বিশ^ বিশ^বিদ্যালয়ে কম্পিউটার অপরারেটর, অফিস সহায়ক ও মালিসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে এই অর্থ হাতিয়ে নেয়া হয়েছে।
এ ব্যাপারে র‌্যাব-৬ এর লে. কমান্ডার সরোয়ার জানান, প্রণব চ্যাটার্জি দীর্ঘদিন সহজ সরল মানুষকে প্রতারিত করে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। তার কোনো অফিস বা দপ্তর নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে যে সকল দপ্তর বা প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র ও সিল ব্যবহার করেছেন সে সব দপ্তর বা প্রতিষ্ঠানের কেউ এই প্রতারণার সাথে জড়িত কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আসামিকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।