ভুয়া ডিগ্রি ব্যবহার : পল্লী চিকিৎসককে লাখ টাকা জরিমানা, চেম্বার সিলগালা

0

 

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের কচুয়ায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদানের অপরাধে এম এম মনির নামের এক পল্লী চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকায় ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দন্ডাদেশ প্রদান করেন। এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান উপস্থিত ছিলেন।
অর্থদন্ডপ্রাপ্ত এম এম মনির বাগেরহাট পৌর শহরের হরিণখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার রোহান সরকার বলেন, প্রাথমিক চিকিৎসার (এলএএএফপি) একটি প্রশিক্ষণ নিয়ে নিজেকে এমবিবিএস পাস দাবি করে চেম্বার নিয়ে দীর্ঘদিন মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন এমএম মনির নামের ওই ব্যক্তি। তিনি চেম্বারের সামনে সাইনবোর্ডে যে রেজিস্ট্রেশন নম্বরটি লিখেছেন সেটিও ভুয়া। তার অপরাধ প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়েছে। ভুয়া ডিগ্রি ব্যবহার করে পুনরায় চিকিৎসা সেবা প্রদান করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন এমএম মনির।
এদিকে ভুয়া ডিগ্রি ব্যবহারকারী এই চিৎিসকের জরিমানা ও চেম্বার সিলগালা করায় সন্তোাষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জনৈক জাহিদুল ইসলাম বলেন, চার বছর ধরে ‘চক্ষু, নাক, কান, গলা, মাথা ব্যথা রোগে অভিজ্ঞ’ এমন সাইনবোর্ড ঝুলিয়ে স্থানীয়দের সাথে চিকিৎসার নামে প্রতারণা করছিলেন এমএম মনির। তার ডিগ্রি ও চিকিৎসা সেবা নিয়ে লোকজনের সন্দেহ হলেও কিছু বলা বা করার ছিল না। কয়েকবার গোপনে সিভিল সার্জন অফিসে জানানো হলেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নেয়া হয়নি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে তাতে সবাই খুশি হয়েছে। চেম্বার বন্ধ হওয়ায় অনেক মানুষ ভুয়া ডাক্তারের হাত থেকে বাঁচলো।