ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ টিমের সাইকেল র‌্যালি বেনাপোল থেকে শুরু

0

বেনাপোল সংবাদদাতা॥ স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ টিম গতকাল রোববার দুপুরে সাইকেল র‌্যালি নিয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। বেনাপোল নোমান্সল্যান্ডে ভারতীয় ১৯ সদস্যের সাইকেলিং দলকে ফুল দিয়ে বরণ করে নেন যশোর সেনানিবাসের ৫৫ পদাধিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান। দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করতে সেনাবাহিনীর যৌথ সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। ৫৫ পদাধিক ডিভিশনের মেজর জাকারিয়া জানান, ইন্দো-বাংলা জয়েন্ট সাইকেলিং টিম বেনাপোল আইসিপি স্থলবন্দর হয়ে ভারতীয় সেনাবাহিনীর ১৯ সদস্যের একটি দল বাংলাদেশে প্রবেশ করেছে ।
ভারতীয় সেনাবাহিনীর এই দলের নেতৃত্ব দেন কোলকাতা সেনাবাহিনীর কর্নেল মোহিত সিংহ। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল মোহতাছিন হায়দার চৌধুরী। সেনাবাহিনীর দলটি সাইকেলিং করে বেনাপোল থেকে যশোর সেনানিবাসে যায়। দেশের বিভিন্ন জেলা শহর প্রদক্ষিণ শেষে ভারতীয় সেনাবাহিনীর দলটি আগামী ১৯ নভেম্বর সাইকেলিং করে দর্শনা স্থলবন্দর দিয়ে দেশে ফিরে যাবে।