ভারতে তীর্থযাত্রীবাহী গাড়ি উল্টে প্রাণ গেল ১২ জনের

0
ভারতের উত্তরপ্রদেশের বাগপতে রাজস্থান থেকে ফেরার পথে তীর্থযাত্রীবাহী গাড়ি উল্টে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও ১৬ জন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৬ জনের বেশি যাত্রী।

রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাত আনুমানিক ১টার দিকে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় পরিধি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সোমবার স্থানীয় পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজস্থানের বাগাড় ধাম থেকে তীর্থদর্শন শেষে উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায় ফিরছিলেন তীর্থযাত্রীরা। দুর্ঘটনায় পতিত গাড়িটিতে বদায়ুঁর মোট ৩২ জন যাত্রী অবস্থান করছিলেন। পথিমধ্যে বাগপত জেলার খেকড়া কোতওয়ালি সীমানাধীন বাসি ও বড়া গ্রামের মধ্যবর্তী স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানায়, দ্রুত গতিতে চলতে থাকা গাড়িটি মহাসড়কের মাঝখানের বিভাজকে (ডিভাইডার) তীব্র শক্তিতে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গেই উল্টে যায়। মুহূর্তের মধ্যে গাড়ির ভেতর থাকা যাত্রীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা আর্তচিৎকার শুরু করেন।

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দলের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশ নিশ্চিত করেছে যে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে কয়েকজনের মৃত্যু হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা যান। নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চালাচ্ছে প্রশাসন।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তীর্থযাত্রীদের নিজ জেলা বদায়ুঁতে শোকের মাতম সৃষ্টি হয়েছে। স্বজনেরা প্রিয়জনদের খোঁজে হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

বাগপত জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই দুর্ঘটনাস্থলে রাতের বেলা যানবাহন অত্যন্ত দ্রুত গতিতে চলাচলের কারণে উদ্ধারকাজে শুরুতে কিছুটা বেগ পেতে হয়। চালক ঘুমিয়ে পড়েছিলেন নাকি যান্ত্রিক কোনো ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।