ভাঙার সময় ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের নওয়াপাড়া শিল্পশহরের জে জে আই জুট মিলের পুরনো ভবনের ছাদ ভাঙার সময় এক অংশ ধসে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে  রোববার দুপুরে।
স্থানীয়রা জানায়, মিলের ভেতরের পুরনো স্টাফ কোয়ার্টারের ভবনের ছাদের অংশ ভেঙে শ্রমিক বিল্লাল হোসেনের (৩৫) শরীরে আছড়ে পড়ে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্যে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহত বিল্লাল হোসেন খুলনা জেলার কয়রা উপজেলার বাগালিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আনোয়ার গাজীর ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম জানান, মৌখিকভাবে সংবাদটা পেয়েছি। তাকে উন্নত চিকিৎসার জন্যে খুলনায় নেয়া হয়েছিল। এখন কী অবস্থা আমাকে জানায়নি কেউ।