ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে

0
মিফতাহ উদ্দিন আহমেদ, সাবেক অধিনায়ক র‌্যাব-৭ চট্টগ্রাম (বায়ে) এবং টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল ।। ছবি: সংগৃহীত
ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে বর্তমানে সেনা হেফাজতে রাখা হয়েছে। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

এর আগে, কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ  দাখিল করে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় সে সময় র‌্যাব–৭ (চট্টগ্রাম)-এর অধিনায়কের দায়িত্বে থাকা মিফতাহ উদ্দিন আহমেদও রয়েছেন। উল্লেখ্য, তৎকালীন সময়ে কক্সবাজার জেলা র‌্যাব–৭-এর আওতাধীন ছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিলের মাত্র এক দিন পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়ার এই তথ্য সামনে এলো।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক। তিনি টানা ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।