ব্যাংকক থেকে দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

0
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ।। ফাইল ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন।
আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে তিনি ঢাকা থেকে ব্যাংকক গিয়েছিলেন।

স্পিকারের নির্ধারিত সময়ের আগেই আকস্মিক এই ফিরে আসা রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের আলোচনাকে নতুন করে উস্কে দিয়েছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, দেশের রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগপর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

বিভিন্ন দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বা কালের মধ্যে পদত্যাগ করতে পারেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন এবং সেখানে তাঁর বিদায়ের প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স গতকাল রাতে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করে, শুক্রবারই পদত্যাগ করতে পারেন মো. সাহাবুদ্দিন। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় রয়টার্সকে তথ্য দেওয়া তিনটি সূত্রের কেউই পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

উল্লেখ্য, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছর মেয়াদের জন্য দেশের ২৪তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন।

স্বাভাবিক নিয়মানুযায়ী তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল মাসে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাঁর আগাম বিদায়ের জল্পনা তুঙ্গে পৌঁছেছে।