বোনের হাতে আরো ক্ষমতা দিলেন কিম

0

লোকসমাজ ডেস্ক॥বোনের হাতে আরো ক্ষমতা ছেড়ে দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। নিজের ঘনিষ্ঠ সহযোগীদেরও দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, নিজের বোন কিম ইয়ো-জং ও ঘনিষ্ঠ সহযোগীদের হাতে বেশ গুরুত্বপূর্ণ কিছু নীতিমালার দায়িত্ব ছেড়ে দিয়েছেন কিম। তবে এখনো দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ তিনিই রয়েছেন।তবে নিজের কাজের চাপ কমাতেই ক্ষমতার ভার কিছুটা ভাগ করে দিয়েছেন অন্যান্যদের মাঝে। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জানায়, উত্তর কোরিয়ার সার্বিক স্বরাষ্ট্র নীতিমালা কিম নিজেই সামলাবেন।
বিবিসি জানায়, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জাতীয় সমাবেশে এক রুদ্ধদ্বার বৈঠকে কিমের ক্ষমতা বণ্টনের কথা জানায় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা। তবে পূর্বে ভুল তথ্য দেওয়ার নজির রয়েছে সংস্থাটির। তাই কিমের ক্ষমতা বণ্টনের খবরটি পুরোপুরি সত্য নাও হতে পারে।
গোয়েন্দা সংস্থার তথ্যানুসারে, কিমের বোন এখন থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখাসহ অন্যান্য নীতিমালাও সামলাবেন।কার্যত উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠেছেন তিনি।
প্রসঙ্গত, কিম ইয়ো-জং হচ্ছেন কিম জং উনের ছোট বোন। তিনি ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন।
কিমের চেয়ে তিনি চার বছরের ছোট। কিমের একমাত্র ঘনিষ্ঠ সহোদর হিসেবে তার পরিচিত রয়েছে। তারা একসঙ্গে সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন। ২০১৮ সালে কিম বংশের হয়ে প্রথম দক্ষিণ কোরিয়া সফর করেন ইয়ো-জং।এছাড়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কিম জং উনের বিভিন্ন সম্মেলনেও তিনি ভূমিকা রেখেছেন।