বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের খপ্পরে পড়ে ব্যবসায়ীর ৫ লাখ টাকা খোয়া

0
স্টাফ রিপোর্টার ॥ যশোরে বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের খপ্পরে পড়ে আনোয়ার হোসেন নামে একজন ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী ৫ লাখ টাকা খুইয়েছেন। এ ঘটনায় জড়িত চক্রের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দিবাগত রাতে শহরের পুরাতন কসবা গাজীরঘাট রোডের একটি ভাড়া বাড়ি থেকে শামচেল শেখ (৫১) নামে ওই প্রতারককে আটক করা হয়।
আটক শামচেল শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বালিয়া গ্রামের মৃত আব্দুলের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের পুরাতন কসবা গাজীরঘাট রোডের জনৈক মাহফুজুল হক লিটনের বাড়ির ভাড়াটিয়া।
ডিবি পুলিশের এসআই মো. নুর ইসলাম জানান, বুধবার দুপুরে বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের কয়েকজন সদস্য শহরের লালদিঘির পাড়ের রাজু ইলেক্ট্রনিক্সের মালিক আনোয়ার হোসেনকে সৌদি আরবের ৫ লাখ রিয়াল দেওয়ার কথা বলে কৌশলে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় আনোয়ার হোসেনের ছেলে আরাফাত হোসেন আকাশ কোতয়ালি থানায় মামলা করেন। মামলা তদন্তকালে ওই দোকানের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ থেকে প্রতারকদের শনাক্ত করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সাহায্যে বুধবার দিবাগত রাত ৪টার দিকে পুরাতন কসবা গাজীরঘাট এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য শামচেল শেখকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি আমেরিকান ডলার এবং গামছা দিয়ে বিশেষভাবে মোড়ানো খবরের কাগজ জব্দ করা হয়। তিনি আরও জানান, আটক শামচেল শেখকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। এ সময় শামচেল শেখ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ তার জবানবন্দি গ্রহণ করেন।