বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, শনিবার (১১ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটের দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির আনুমানিক সিজার মূল্য এক লাখ ১০ হাজার ২০০ টাকা।
পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।