বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সর্দার নুরুল আমিন

টুরিস্ট ভিসা, ঢাকা-বেনাপোল-কলকাতা সরাসরি ট্রেন চালুর আশাবাদ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) সর্দার নুরুল আমিন যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয় পরিদর্শন করেছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয়ে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সর্দার নুরুল আমিন বলেন, খুব অল্প সময়ের মধ্যেই টুরিস্ট ভিসা চালুর বিষয়টি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। বেনাপোল সীমান্ত দিয়ে যাতায়াতকারী যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

তিনি বলেন, “বেনাপোল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এখানে যাত্রীসেবার মান উন্নয়ন এবং দ্রুত ও নিরাপদ ইমিগ্রেশন সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

এ সময় তিনি ঢাকা থেকে বেনাপোল হয়ে সরাসরি কলকাতায় ট্রেন চলাচলের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “আমি রেলের মহাপরিচালকের সঙ্গে এ বিষয়ে কথা বলব, যাতে দ্রুত এ রুটে সরাসরি ট্রেন চলাচলের ব্যবস্থা করা যায়। এই সংযোগ চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত, পর্যটন এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।”

সর্দার নুরুল আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তঃযোগাযোগ, অর্থনৈতিক সম্পর্ক এবং সীমান্তভিত্তিক বাণিজ্য আরও শক্তিশালী হবে। তিনি বলেন, “দুই দেশের মানুষের চলাচল সহজ করা এবং বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য। খুব শিগগিরই এর ইতিবাচক ফল মানুষ দেখতে পাবে।”

এ সময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাখাওয়াত হোসেন, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।