বেনাপোলে বাস ধর্মঘট অব্যাহত ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা

0

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) ॥ বেনাপোল স্থলবন্দর থেকে দ্বিতীয় দিনের মত দূরপাল্লার পরিবহন বাস ধর্মঘট অব্যাহত থাকে। আজ সোমবার থেকে সাতক্ষীরা রুটের পরিবহন বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।
বাস মালিক সমিতি যানজট নিরসনের লক্ষ্যে এক সপ্তাহ আগে জেলা প্রশাসকের সাথে বৈঠক করে। বৈঠকে সিদ্ধান্ত হয়, বেনাপোল চেকপোস্ট এবং বেনাপোল বাজার থেকে যেসব পরিবহন বাস যশোর-ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যায়, সেগুলো পৌর বাস টার্মিনাল থেকে ছাড়তে হবে। আর ঢাকা থেকে রাতে ছেড়ে আসা বাসগুলোর যাত্রীদের ভোরে বেনাপোল চেকপোস্টে নামিয়ে টার্মিনালে চলে যাবে। গত শুক্রবার রাত ৩ টার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাসগুলোর যাত্রীদের টার্মিনালে জোর করে নামিয়ে দেওয়ায় ওই যাত্রীরা হয়রানির শিকার হন বলে দাবি করেন মালিক সমিতির নেতারা। প্রশাসনের এ ধরনের আচরণের প্রতিবাদে পরিবহন মালিক সমিতি গত শুক্রবার রাতে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে কোনো গাড়ি ছাড়েনি। এ ছাড়া শনিবার বেনাপোল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
দ্বিতীয় দিনের মত বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল থেকে দূরপাল্লার পরিবহন বাস বন্ধ থাকায় ভারত থেকে আসা শ শ পাসপোর্ট যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে। গত শনিবার ও রোববার দু দিনের এই পরিবহন ধর্মঘটের সংবাদ না জানায় ভারত থেকে আসা যাত্রীদের বেনাপোল থেকে গন্তব্যে পৌছাতে দুর্ভোগের সাথে সাথে খরচও বেড়েছে।
এদিকে কর্তৃপক্ষের সাথে বারবার বৈঠকের পরেও কোনো সুরাহা না হওয়ায় বেনাপোল থেকে দুদিন ধরে বেনাপোল ঢাকা-চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার কোন বাস চলাচল করেনি। তবে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সাথে সুরাহা না হওয়া পর্যন্ত পরিবহন বন্ধ থাকবে বলে জানা গেছে।
এ ব্যাপারে বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, সমস্যা সমাধানের জন্য রোববার দুপুরে সকল পরিবহনের ম্যানেজাররা যশোর জেলা প্রশাসনের সাথে বৈঠক করেছে। বৈঠকে জেলা প্রশাসক বলেছেন উপদেষ্টার নির্দেশনায় বেনাপোলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য উপদেষ্টাদের নির্দেশ ব্যতিত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। উপদেষ্টাদের নির্দেশ বেনাপোল বাস টার্মিনালে পরিবহন যাত্রীদের নামাতে হবে এবং উঠাতে হবে। বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরও বলেন তাদের দাবি না মানা হলে পরিবহন মালিক পক্ষ বেনাপোল থেকে দূরপাল্লার কোন গাড়ি এই রুটে চালাবেন না।
আজ সোমবার থেকে সাতক্ষীরা রুটের পরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ।
এদিকে হঠাৎ করে বেনাপোল থেকে দূরপাল্লার সকল পরিবহন বাস বন্ধ হওয়ায় বেনাপোলে আটকা পড়েছে ভারত থেকে আসা শ শ পাসপোর্ট যাত্রী। এসব যাত্রী তাদের গন্তব্যে যেতে প্রাইভেট কার, মাইক্রোবাসে করে যাওয়ার চেষ্টা করছেন। বেনাপোল থেকে অনেক যাত্রী ইজিবাইকে করে ১২/১৩ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে নাভারণ পরিবহন কাউন্টারে এসে গন্তব্যে ফিরছেন।
তবে আজ সোমবার পরিবহন ধর্মঘটের সুরাহা না হলে ও সাতক্ষীরা রুটের পরিবহন বন্ধ হলে পরিবহন ধর্মঘটের সমস্যা চরমে পৌছাবে বলে আশঙ্কা করছেন সাধারণ শ্রমিকরা।