বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে বেনাপোল-যশোর মহাসড়কের দিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে রোববার রাত সোয়া আটটার দিকে দিঘীরপাড় এলাকায় অবস্থিত মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের পাশে একটি হার্ডওয়্যারের দোকানের সামনে অবস্থান নেয় পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) সুজাতউদ্দৌলাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন হিসেবে মফিজুরকে আটক করা হয়।

ছবি: সংগৃহীত।

পরে সেখানে উপস্থিত লোকজনের সামনে তার শরীরে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন নিশ্চিত করেন, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এটি কোনো চোরাচালান বা অপরাধমূলক কাজে ব্যবহারের প্রস্তুতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।