শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার ফুলসারা গ্রামে। আটক কিশোর শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি সংলগ্ন মুদি দোকানে ৬ বছরের মেয়েশিশুকে রেখে পিতা নাস্তা করতে যান। এ সময় পাশের শিকারপুর গ্রামের ওই কিশোর (১৪) মুদি দোকানে পণ্য কিনতে আসে।

এ সময় দোকানের ভেতরে শিশুটিকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কিশোর পালিয়ে যায়। পরে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গ্রামের লোকজন ওই কিশোরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযুক্ত কিশোরকে আটক করা হয়।

তিনি বলেন, এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার সকালে মামলায় আটক কিশোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।