বেতনা এক্সপ্রেসের বগি বাড়ানো দাবি

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ ঝিকরগাছা থেকে রেলের যাত্রী বেড়েছে। অতিরিক্ত যাত্রী সামলাতে হিমশিম খেতে হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষের। শুক্রবার বিকেলে খুলনাগামী অন্তত ৫শ যাত্রী ট্রেনে উঠতে পারেননি বলে সাংবাদিকদের জানিয়েছেন। এ সময় রেলের দরজা আটকে পুলিশ পরিচয় দেওয়া এক ব্যক্তি যাত্রীদের তোপের মুখে পড়েন।
খুলনা-বেনাপোলের ভেতর যাতায়াতকারী বেতনা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন চারবার খুলনা থেকে বেনাপোল যাতাযাত করে। বিকেলে বেনাপোল থেকে খুলনায় ফিরতি ট্রেনটিতে বেনাপোল ও নাভারন স্টেশন থেকে যাত্রীতে ভরে যায়। ফলে প্রতিদিন ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার গদখালীতে আসা শ শ যাত্রী ঝিকরগাছা স্টেশন থেকে যশোর, নওয়াপাড়া ও খুলনার টিকিট কাটলেও অতিরিক্ত ভিড়ের কারণে উঠতে পারেন না। পুরুষ যাত্রীদের কেউ কেউ ঠেলাঠেলি করে উঠতে সক্ষম হলেও নারী ও শিশুরা উঠতে পারেননি। তাই এই রুটে চলাচলকারী বেতনা এক্সপ্রেস ট্রেনের ৫টি বগির সাথে আরও কয়েকটি বগি বাড়ানোর দাবি করেছেন যাত্রীরা।
সম্প্রতি ঠেলাঠেলি করে উঠতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী দরজা থেকে পড়ে আহত হয়েছেন। এদের মধ্যে একজন নারীকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সরেজমিনে ঝিকরগাছা রেল স্টেশনের গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে যশোর ও খুলনাগামী যাত্রীদের লম্বা সারি। এছাড়া স্টেশনের প্লাটফর্মের ওপরে শ শ যাত্রী অবস্থান করছিলেন।
এ ব্যাপারে রেলের রাজশাহী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, খুলনা-বেনাপোল রেলওয়ে লাইনে যাত্রী বেড়েছে। যা তিনি অবগত। বগি বাড়ানোর বিষয়ে তিনি ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন বলেও জানান।