বেগম জিয়ার আত্মার শান্তিতে যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে বিশেষ প্রার্থনা; সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

0
যশোর নীলগঞ্জ মহাশ্মশান সার্বজনীন মন্দিরে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আয়োজিত প্রার্থনা সভা ।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার।। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি ও পরলৌকিক সদ্গতি কামনায় যশোরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শহরের নীলগঞ্জ মহাশ্মশান সার্বজনীন মন্দিরে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভায় প্রধান বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সকল ধর্মের মানুষের সমান অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশের সংখ্যালঘু সম্প্রদায় একজন অসাম্প্রদায়িক ও অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে।

নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক অলোক ঘোষ ও সাধারণ সম্পাদক সনৎ কুমার সাহাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রার্থনা ও শ্রদ্ধাঞ্জলি ।। ছবি: লোকসমাজ

অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা করেন যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক অলোক ঘোষ, সাধারণ সম্পাদক সনৎ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুমার কুণ্ডু, রাইটস্ যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জেলা কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নির্মল কুমার বিট, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা দীপক রায়, বিশ্বজিৎ হালদার, তাপস পোদ্দার, শ্মশান কমিটির অশোক সাহা, বিষ্ণু সাহা, অ্যাডভোকেট কিশোর কুমার সাহা, চঞ্চল সরকার, শ্যামল পাল, সুব্রত ঘোষ শুভ, লিটন অধিকারী, বাঁধন চৌধুরী, সুকুমার মিত্র, রাজেশ বিশ্বাস, বিমল রায়, জয়ন্তী অধিকারী, পার্থপ্রতীম মন্ডল, মানিক সাহা, মিলন পাল, গৌতম সাহা, সত্য সাহানী, গোপাল মিত্র, উত্তম দাস, তাপস পাল, দেবব্রত অধিকারী, লালু হালদার প্রমুখ।

প্রার্থনা সভায় গীতাপাঠের মাধ্যমে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশের এই সংকটময় মুহূর্তে প্রিয় নেত্রীর আদর্শকে পাথেয় করে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।