খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, এমইউজে-বিএফইউজের তীব্র নিন্দা

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের ডাক, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

0
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি
মঙ্গলবার রাতে খুলনার জাতি সংঘ পার্কের সামনে আড্ডারত সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়লে তা একটি চেয়ারে গিয়ে লাগে - লোকসমাজ

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনা নগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও একজন সাংবাদিক সামান্য আহত হয়েছেন।

ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও কয়েকজন সাংবাদিক জলিলের দোকানের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি একটি চেয়ারে বিদ্ধ হয়। গুলির ছররা লেগে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ সামান্য আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমইউজে খুলনার কোষাধ্যক্ষ ও এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরসহ আরও কয়েকজন সাংবাদিক।

রকিবুল ইসলাম মতি বলেন, “আমরা কয়েকজন সাংবাদিক সেখানে বসে কথা বলছিলাম। হঠাৎ মোটরসাইকেলে আসা দুই যুবক আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি চেয়ারে বিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে।”

সৈয়দ রানা কবীর বলেন, “গুলিটি চেয়ারে বিদ্ধ হয়। এর একটি ছররা আওয়াল শেখের বুকে লেগে সামান্য আঘাত করে। তিনি বর্তমানে সুস্থ আছেন।”

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ারকৃত বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে পৃথক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।

বিবৃতিতে বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত স্বাক্ষর করেন। এছাড়া বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিনও পৃথক বিবৃতিতে ঘটনার নিন্দা জানান।

সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং উদ্বেগজনক। জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। হামলাকারীরা আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী শক্তি।

তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দাবি জানান।