বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ

জেইউজের শোকসভায় আলোচকবৃন্দ

0

স্টাফ রিপোর্টার ॥ বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও কারাবাসের মধ্যেও তিনি রাজনৈতিক শালীনতা ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা দেশের রাজনীতিতে বিরল। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটরিয়ামে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।

আলোচনায় বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সংসদীয় রাজনীতির ধারাবাহিকতা রক্ষায় খালেদা জিয়ার ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন নারী নেত্রী হিসেবে তিনি সাহসিকতা, দৃঢ়তা ও নেতৃত্বের মাধ্যমে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি অর্জন করেন। রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও তিনি প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সহনশীলতা ও মার্জিত আচরণ বজায় রেখেছেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক চাপ ও সংকট মোকাবিলা করলেও খালেদা জিয়া কখনো নীতিগত অবস্থান থেকে সরে যাননি। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার প্রতি তার সম্মান ছিল সুপরিচিত। তার শাসনামলে গণমাধ্যমের স্বাধীন পরিসর বজায় ছিল বলে বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, লেখক গবেষক সিনিয়র সাংবাদিক বেনজীন খান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম এবং ড্যাব নেতা ডা. ফারুক এহতেশামুল পরাগ। তারা সবাই খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়র সদস্য এস এম সোহেল। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, জাতীয় ঐক্য, শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদসহ বিভিন্ন পর্যায়ে পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।