বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ড্যাব ও এবং যশোর সংস্কৃতি পরিষদের দোয়া

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখা এবং যশোর সংস্কৃতি পরিষদের আয়োজনে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার উদ্যোগে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সভাকক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটি যতদিন টিকে থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া তার অকৃত্রিম কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের স্বার্থে তিনি কখনোই আপস করেননি। এমনকি নিজের জীবন ও পরিবারের স্বার্থেও কখনো কারো কাছে মাথা নত করেননি। তার একটাই লক্ষ্য ছিল, দেশ কীভাবে ভালো থাকবে এবং দেশের মানুষ কীভাবে নিরাপদ থাকবে। তিনি নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা কখনো ভাবেননি; বরং জনগণের সাথে নিজের ভাগ্যকে গেঁথে নিয়েছিলেন। দেশের মানুষকে নিরাপদে রাখতে তিনি কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি। যে কারণে স্বৈরাচার তাকে দীর্ঘ দিন মিথ্যা ও ভিত্তিহীন মামলায় কারাবন্দী করে রাখে।

তার চলে যাওয়ায় জাতির যে ক্ষতি হয়েছে, সেটি কোনো দিনই পূরণ হবার নয়। বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া দর্শন, নীতি, আদর্শ এবং দেশ ও জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা আজীবন আমাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।

মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও ড্যাব নেতা ডাক্তার শরিফুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নাজমুল হক, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত, ড্যাব নেতা ও সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ওয়াহিদুজ্জামান আজাদ এবং ডাক্তার ফারুক এহতেশাম পরাগ প্রমুখ।

পরে ‘গণতন্ত্রের মাতা’ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডাক্তার তমিজ উদ্দিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম তুহিন।

এদিকে একই দিন সন্ধ্যায় যশোর সংস্কৃতি পরিষদের আয়োজনে যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদে বাঙালি জাতির মহান অভিভাবকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, যশোর সংস্কৃতি পরিষদের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।