বুধবার সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে সর্বাত্মক অবরোধ

0

 

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বুধবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যশোর তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চল। ভোরের আলোর ফোটার আগেই এই জনপদের গণতন্ত্রকামী জনতা সড়ক-মহাসড়কে নেমে আসেন। তারা শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান নিয়ে মুক্তির মিছিলের মাধ্যমে রাজপথকে  প্রকম্পিত করেন।
সরকারের পদত্যাগ , একতরফা প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল,দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সীমাহীন নির্যাতন,নিপীড়ন ও শাসকদলের সন্ত্রাসীদের তান্ডবের প্রতিবাদে বুধবার ভোর ৬ টা থেকে বিএনপির ডাকে শুরু হয়েছে ৪৮ ঘন্টার অবরোধ। কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও শাসকদলের সন্ত্রাসীরা বেশ তৎপর ছিল। তবে সেটি বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি গণতন্ত্রকামী জনতার সামনে।
বুধবার সকাল থেকে যশোর-খুলনা মহাসড়কে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে অবস্থান নিয়ে মিছিল করে। কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কের কবুরহাট এলাকায় কুষ্টিয়া জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন , কুষ্টিয়া – দৌলতপুর সড়কের তারাগুনিয়া বাজার এলাকায় দৌলতপুর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন মিছিল করে। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতলী সেনের চাতাল এলাকায় কুষ্টিয়া জেলা যুবদল ও সদর উপজেলা ছাত্রদল মিছিল করে। শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করার পর সেখান থেকে পুলিশ মিছিলকারীদের ৬টি মোটরসাইকেল তুলে নিয়ে যায়। এছাড়া দৌলতপুর উপজেলার তারাগুলিয়া বাজারে উপজেলা যুবদল মিছিল করে।
মাগুরা জেলা সদরের নতুন বাজার এলাকায় জেলা যুবদলের মিছিল অবরোধের সমর্থনে মিছিল করে। দামুরহুদা-যশোর সড়কে দামুরহুদা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, সাতক্ষীরা জেলা সদরে জেলা বিএনপি, মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে মেহেরপুর পৌর বিএনপি সকাল থেকে অবরোধের সমর্থনে সড়কে অবস্থান নিয়ে মিছিল করে। এছাড়া চূয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে মুক্তিকামী জনতা অবরোধের সমর্থনে মিছিল করে।