বিষাক্ত মদপানে যশোরে ৩ জনের মৃত্যুর ঘটনায় মদ বিক্রেতা বাবুলের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের খালঘাটা পাড়ায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। মৃতদের মধ্যে কাশেম মোল্লা ওরফে বাগানের মেয়ে নাছরিন খাতুন (২৯) শনিবার মামলাটি করেন।
আসামি করা হয়েছে ওই এলাকার চিহ্নিত মদ বিক্রেতা বাবুল রহমানকে (৪৫)। তিনি সদর উপজেলার দক্ষিণপাড়ার মৃত আজগর আলী মোল্লা ওরফে মনির ছেলে। নাছরিন খাতুন এজাহারে উল্লেখ করেছেন, তার বাবা কাশেম মোল্লা একজন কৃষক। গত ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে বাড়িতে থাকাকালীন তার পিতার বুকে জ্বালাপোড়া অনুভুত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোরে জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। চিকিসাধীন অবস্থায় তিনি ওই দিনই রাত পৌনে নয়টার দিকে মারা যান। সংবাদ শুনে তিনি হাসপাতালে যান এবং প্রতিবেশী চাচা নজরুল ইসলামের কাছ থেকে জানতে পারেন-২৫ জানুয়ারি রাত ৮টার দিকে কচুয়ার খালঘটানা গ্রামের আরমান হোসেন কটার মেহগনি ও লিচুর বাগানে মধ্যে বসে একই এলাকার কয়েকজন মদপান করে। এদের মধ্যে আলেক খানের ছেলে নজরুল ইসলাম নজু (৫০), মৃত হামিদের ছেলে ইসলাম (৪৫), শাহজাহানের ছেলে জাকির হোসেন (২৯) অন্যতম। সেখানে বসে তারা অ্যালকোহল জাতীয় বিষাক্ত মদ পান করে। এতে সবাই অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ইসলাম ও জাকিরকে বাড়ির লোকজন তথ্য গোপন করে পেটের ব্যাথা বলে হাসপাতালে ভর্তি করে। ২৬ জানুয়ারি বেলা ১১টার দিকে ইসলাম এবং জাকির মারা যান। তার পরিবারের লোকজন কাউকে কোন তথ্য না দিয়ে মৃত দেহ দাফন করে। তার পিতা কাশেম মোল্লা ওরফে বাগানে পরদিন রাতে মারা যান। তিনি জানতে পারেন যে, বাবুল একজন মদ বিক্রেতা। সে লাইসেন্স ব্যতীত গোপনে মদ বিক্রি করে থাকে। তার এই বিষাক্ত মদপানে তার পিতাসহ তিনজন মারা গেছে। আরো অনেকে অসুস্থ হয়ে পড়ে।
এলাকার একটি সূত্র জানিয়েছে, বাবুল অনেক দিন ধরে মদ বিক্রি করে। বাজার থেকে স্পিরিট কিনে তার সাথে পানিসহ অন্যান্য দ্রব্য মিশিয়ে মদ তৈরি করে তা বিক্রি করে থাকে। এলাকার অনেকেই গোপনে তার কাছ থেকে মদ কিনে পান করে থাকে। তিনজনের মৃত্যুর ঘটনা জানতে পেরে বাবুল এখন এলাকা ছাড়া।