বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

0

লোকসমাজ ডেস্ক ॥ অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে সংস্থাটি তার বৃহত্তম আর্থিক দাতা ও কারিগরি সহযোগীকে হারালো। শুক্রবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের শুরুতেই সংস্থাটিকে ‘চীন-প্রভাবিত’ এবং করোনা মহামারী মোকাবিলায় ‘অক্ষম’ বলে কঠোর সমালোচনা করেছিলেন। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক যৌথ বিবৃতিতে জানান, ডব্লিউএইচও তার মূল লক্ষ্য ত্যাগ করে বারবার মার্কিন স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। এরই প্রেক্ষিতে জেনেভার সদর দপ্তর ও বিশ্বের বিভিন্ন অফিসে কর্মরত মার্কিন কর্মী ও ঠিকাদারদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে সংস্থাটিতে মার্কিন সরকারের সমস্ত তহবিল প্রবাহ বন্ধ করা হয়েছে।

অন্যদিকে, এই সিদ্ধান্তকে ‘বিশ্বের জন্য ক্ষতিকর’ বলে আখ্যা দিয়েছেন ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন এখনও ২৬০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করতে বাধ্য। তবে মার্কিন প্রশাসন এই দাবি প্রত্যাখ্যান করে এনজিও ও দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে স্বাস্থ্য সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই প্রস্থানের ফলে পোলিও, এইচআইভি এইডস ও মাতৃমৃত্যু রোধে বিশ্বব্যাপী চলমান কয়েকশ কার্যক্রম এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।