বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও উপনেতা তাহের; চিফ হুইপ হলেন নাহিদ ইসলাম

0
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মনোনীত হলেন ডা. শফিকুর রহমান। চিফ হুইপের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন তরুণ নেতা নাহিদ ইসলাম।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে ১১-দলীয় নির্বাচনী ঐক্য। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় বিরোধীদলীয় নেতা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে মনোনীত করা হয়েছে। একইসঙ্গে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন) এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। ১১-দলীয় জোটের পক্ষ থেকে শিগগিরই একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, আজ দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে জামায়াতের সংসদ সদস্যরা এবং পরবর্তীতে এনসিপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। সংসদ সদস্য পদের পাশাপাশি ১১-দলীয় জোটের প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। সংসদীয় গণতন্ত্রের ভারসাম্য রক্ষায় এই নতুন বিরোধীদলীয় কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।