বিভাগে করোনা আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে খুলনা

0

জামাল হোসেন, খুলনা॥ বিভাগের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ‘রেডজোন’ খুলনা জেলা এখন শীর্ষ অবস্থানে রয়েছে। জেলায় মোট করোনা পজিটিভির সংখ্যা ২শ’ ছাড়িয়েছে। এখানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সর্বোচ্চ ৪জন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৫জন। এদিকে, খুলনা বিভাগের দশ জেলায় আক্রান্তের সংখ্যা ৮৪২জন এবং মারা গেছেন মোট ১৪জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪১জন, আর সুস্থ হয়েছেন ৩৩৫জন। সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সূত্র জানান, আক্রান্তদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২০১জন, বাগেরহাটে ৪৩, সাতক্ষীরায় ৫৩, যশোরে ১৪২, ঝিনাইদহে ৬০, মাগুরায় ৪০ নড়াইলে ৩১, কুষ্টিয়ায় ১২০, চুয়াডাঙ্গায় ১২৩ এবং মেহেরপুর জেলায় ২৯জন। এই সূত্র মতে, আক্রান্তদের মধ্যে খুলনায় ৪জন, বাগেরহাটে ২জন, যশোরে ১জন, মাগুরায় ২জন, নড়াইলে ২জন, চুয়াডাঙ্গায় ১জন এবং মেহেরপুরে ২জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ১০ মার্চ থেকে খুলনা বিভাগের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ৩৭ হাজার ৮৯০ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইনের মেয়াদ পার হওয়ার পর ছাড়পত্র দেওয়া হয়েছে ৩২ হাজার ৪৭৫ জনকে। বিভাগে সর্বমোট আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৮৮৬জন, আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭৫জন। এদিকে, খুলনায় করোনা উপসর্গ নিয়ে গত ৪৮ ঘন্টার ব্যবধানে ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে পাঁচটার মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় করোনার উপসর্গ নিয়ে মোট ৩৫ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা জানান, খুলনা মেডিকেল কলেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবে খুলনা বিভাগের ১০ জেলার মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার পর আক্রান্তদের উপসর্গের মাত্রা বেশি হলে তাদেরকে করোনা হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আর বেশি না থাকলে তাদেরকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।