মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দাদা-নাতিসহ নিহত ৩

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের দু’জনসহ তিনজনের বাড়িতে চলছে শোকের মাতম। কোনভাবেই নিহতের স্বজনেরা মেনে নিতে পারছেন না এই মৃত্যু। সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগেরহাট সদরের উপজেলার সুগন্ধি গ্রামের খান মো. মতলেব (৮০), নাতি তামজীদ আহম্মেদ রুহিন খাঁ (২২) ও রুহিনের বন্ধু সৈকত শেখ (২২)। সৈকত শেখ খুলনা আজম খান সরকারি কমার্স কলেজের অফিস সহায়ক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার রাখালগাছী থেকে একটি মোটরসাইকেলে তিনজন কাটাখালী যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি তাদের চাপা দিলে মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন। আহত রুহিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সৈকতকে ঢাকায় নেয়ার পথে মারা যান। স্বজনেরা জানান, একটি মোটরসাইকেলে রুহিন ও তার বন্ধু সৈকত দাদাকে নিয়ে যশোরের নওয়াপাড়া এলাকায় চিকিৎকের কাছে যাওয়ার সময় দ্রুতগামী ইটবোঝাই ট্রলির ধাক্কায় তিনটি প্রাণ ঝরে যায় । ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান শেখ জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।