বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো এইচএসসি পরীক্ষার্থীর

0

 

স্টাফ রিপোর্টার॥ যশোরের অভয়নগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জয় মন্ডল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।  শনিবার দুপুরে উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামে এই ঘটনা ঘটে। জয় মন্ডল তরুণ মন্ডলের ছেলে। সে মণিরামপুর উপজেলার মশিয়াহাটী ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। জয়ের চাচা শ্যামল মন্ডল জানান, দুপুরে ডহর মশিয়াহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বিলে গরুকে গোসল করাচ্ছিল জয়। বিলের ভেতর দিয়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি সোজা রাখার টানা তারে গরুর দড়ি বেঁধে রাখে। এ সময় গরু দড়ি টান দিলে বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে জয়ের এবং গরুর শরীরের উপর পড়ে। এতে বিদ্যুতায়িত হয়ে গরুটি ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের লোকজন গুরুতর আহত জয়কে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।