ঝিকরগাছায় কৃষকের গোয়ালঘর থেকে গরু ও ছাগল চুরি

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা পৌরসভার কীর্তিপুর গ্রামের কৃষকের গোয়ালঘর থেকে একটি গাভীসহ বাছুর ও চারটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কৃষক আব্বাস হোসেন ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোওে কৃষক আব্বাস হোসেন তার বাড়ির সামনে একটি পিকআপ ভ্যানের শব্দ শুনে বাইরে বের হন। এ সময় তিনি দেখতে পান, অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি একটি পিকআপে গরু নিয়ে চলে যাচ্ছে। তিনি ধাওয়া দিলে পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে গোয়ালঘরে গিয়ে তিনি দেখতে পান, দরজার তালা কেটে গোয়ালে থাকা একটি গাভী, একটি বাছুর এবং চারটি ছাগল চুরি হয়ে গেছে। চুরি হওয়া গবাদিপশুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

ভুক্তভোগী কৃষক জানান, ঘটনার পরপরই তিনি আত্মীয়-স্বজন ও স্থানীয়দের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া গবাদিপশুর কোনো সন্ধান পাননি। পরে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এর ২ বছর আগেও একই কৃষক আব্বাস হোসেনের গোয়াল ঘরের ৩লাখ প্রায় টাকা দামের ৪টি গরু চুরি হয়েছিল। এ ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় এনে চুরি হওয়া গবাদিপশু উদ্ধারের জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।