ছাত্রলীগ যা করেছে, ছাত্রদল এখন সেটি করতে পারবে না- প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্য বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোরে শিক্ষা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নিয়োগে দুর্নীতি বন্ধ ও শিক্ষার পরিবেশ রক্ষায় কঠোর বার্তা দেন।। ছবি: লোকসমাজ
স্টাফ রিপোর্টার ॥ ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ সন্ত্রাসের ডানা মেলবে, এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,এমপি। তিনি বলেছেন, ছাত্র রাজনীতির নামে শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করবে, ছাত্রদলের ব্যানারে থেকে এমন ধৃষ্টতা দেখানোর সুযোগ কেউ পাবে না।
অতীতে ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করত, এখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। সেই সময়ে ছাত্রলীগ যা করেছে, ছাত্রদল এখন সেটি করতে পারবে না।
শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি-বেসরকারি কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে এ সভার আয়োজন করে যশোর জেলা প্রশাসন।
অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, অতীতে নিয়োগ প্রক্রিয়ায় লাখ লাখ টাকার লেনদেন হয়েছে এবং সেই সময়ের জনপ্রতিনিধিরা তা থেকে ভাগ পেয়েছেন। তবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যত দিন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে আছি, তত দিন কোনো নিয়োগ প্রক্রিয়ায় এক টাকারও লেনদেন হবে না। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ প্রকাশের কোনো সুযোগ নেই।
শিক্ষার্থীদের উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কোনো মেধাবীর পড়াশোনা থেমে থাকবে না, তার দায়িত্ব আমরা নেব। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মতো সহশিক্ষা কার্যক্রমে জোর দিতে হবে। সামনে আন্তঃকলেজ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।” একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ বজায় রাখা, আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও বৃক্ষরোপণের তাগিদ দেন তিনি।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সরকারি এম এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হারুন অর রশিদ, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক ও বিসিবির পরিচালক শান্তনু ইসলাম সুমিত এবং নতুনহাট পাবলিক কলেজের সভাপতি এ কে শরফুদ্দৌলা ছোটলুসহ অনেকে।