ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবলে বাঁকড়া ইউনিয়নের জয়

0
ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নাভারণ ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাঁকড়া ইউনিয়ন। প্রথমার্ধে দূরপাল্লার দুর্দান্ত শটে জয়সূচক গোলটি করেন সোহাগ।
তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ ঝিকরগাছা স্পোর্টস ক্লাব আয়োজিত ১২ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নাভারণ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে দলকে সেমিফাইনাল নিশ্চিত করে বাঁকড়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ।
শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে বাঁকড়া ইউনিয়ন ফুটবল একাদশের ৭নম্বর জার্সিধারী খেলোয়াড় সোহাগের করা দূরপাল্লার দুর্দান্ত এক শটে জয়সূচক গোলটি করেন। ম্যাচের একমাত্র গোলদাতা সোহাগের নৈপুণ্যে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাঁকড়া ইউনিয়ন পরিষদ একাদশ ।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের একমাত্র গোল করা সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় মো. সোহাগের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জাইকা প্রতিনিধ দুলাল দেবনাথ। ম্যাচটি পরিচালনা করেন আল রেজা শান্ত। তাকে সহায়তা করেন ইকরামুল সরদার ইকু, মিজানুর রহমান ও আবু হাসান।
খেলা উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমান, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এসএম. আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম লিন্টু প্রমুখ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত সোহাগের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে বাঁকড়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ।