বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

0
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন রাষ্ট্রপতি।। ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি হাসপাতালে পৌঁছান এবং মন্ত্রীর শয্যার পাশে কিছু সময় কাটান।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালে অবস্থানকালে রাষ্ট্রপতি চিকিৎসকদের কাছ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর চিকিৎসার সার্বিক অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে রাষ্ট্রপতির সাথে উপস্থিত ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন এবং রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক। এ সময় বিদ্যুৎমন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদের সঙ্গেও কথা বলে সার্বিক চিকিৎসার বিষয়ে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি ও তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন বিদ্যুৎমন্ত্রী। মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসকেরা তাঁকে দ্রুত করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করার সিদ্ধান্ত নেন।

বাবার অসুস্থতা প্রসঙ্গে মন্ত্রীপুত্র আবেদ হাসান মাহমুদ জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।