বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে নারীর মরদেহ

0

আলমগীর কবির, রূপদিয়া (যশোর)॥ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুপ্রভাত ম-ল জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নরেন্দ্রপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পিছনে সেপটিক ট্যাংক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুজিত বিশ্বাসের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপদ বিশ্বাস জানান, সেপটিক ট্যাংকিটি বিদ্যালয়ের শিক্ষকদের কার্যালয়ের পিছনেই অবস্থিত। সকালে তারা বিদ্যালয়ে এসে দুর্গন্ধ পেতে থাকেন। এসময় বিদ্যালয়ের এক দফতরি আলমগীর হোসেনকে পিছনে পাঠানো হয় দুর্গন্ধের উৎস সন্ধানে। তিনি পিছনে গিয়ে কোন কিছু না পেয়ে সেপটিক ট্যাংকির ঢাকনা সরিয়ে মরদেহ দেখতে পান। এসময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও ইউপি মেম্বার সুজিত বিশ্বাসকে ঘটনা জানানো হয়। তিনি নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জকে খবর দেন।খবর পেয়ে যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলামও ঘটনাস্থলে যান। তার উপস্থিতিতে মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় দুপুর ২টার পর।