বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশান পাড়ায় আল হেলাল ইসলামী একাডেমী প্রাঙ্গণে তন্ময় হাসান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দুপুরে ওই বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। নিহত তন্ময় হাসান তপু (১৭) চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় ও সহপাঠীরা জানায়, রবিবার সকাল থেকে আল হেলাল ইসলামী একাডেমী বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। সে অনুষ্ঠান অংশ নেয় ওই তন্ময় হাসান তপু। এ সময় কে বা কারা তপুকে স্কুলের এক কোনায় ডেকে নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে তার বন্ধুরা টের পেয়ে সেখান থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান জানান, তপুর শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, তপুর সাথে তারই আরেক সহপাঠীর নারী ঘটিত বিষয় নিয়ে পূর্ব বিরোধ ছিল। সে ঘটনার জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েক জনের নাম পাওয়া গেছে। তাদেরকে আটক করতে পুলিশি অভিযান চলছে।