বিদায় বর্ষ
যশোরে সুউচ্চ ভবনে আগুন, সন্ত্রাসীদের
পলায়ন ও সামাজিক নিরাপত্তায়র রাজনীতি
হাবিবুর রহমান রিপন ॥ শেখ হাসিনার পতনের আনন্দে যশোরের সড়কে সড়কে গণজোয়ার। এরই মাঝে শহরের সবচেয়ে উঁচু ভবনে গেলে যায় দুর্বৃত্তের আগুন, অঙ্গার হয় ২৪টি প্রাণ। ২০২৪ এ যশোরের সবচেয়ে জাজ্বল্যমান খবর এটি। বছরের প্রথম ৬মাস ছিল আওয়ামী লীগের দু’গ্রুপের শক্তি প্রদর্শন। জুলাই বিপ্লবের শুরু থেকেই মাঠে সরব ছিল ছাত্র জনতা। বিপ্লব পরবর্তী সময়ে অসংখ্য অত্যাচার নির্যাতন নিপীড়নের চিহ্ন ফেলে রেখে লোকচক্ষুর অন্তরালে দাপটি সব নেতা। মুক্ত পরিবেশে দায়িত্বশীল রাজনীতির মাধ্যমে প্রশংসিত বিএনপি। ৫ আগস্ট থেকেই মানুষের নিরাপত্তা সামাজিক সুরক্ষায় কাজ করছে দলটির নেতা-কর্মীরা। এর বাইরে বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু ও অভয়নগর থানায় পুলিশ হেফাজতে গৃহবধূর মৃত্যু জাতীয় আন্তর্জাতিক মিডিয়ায় আলোড়ন তোলে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বছর জুড়েই ছিল খারাপ। ভবদহ সমস্যা প্রকট আকার ধারণ করে বছরের মাঝামাঝি। নদী, রেল, ভবদহ এসব জনসংশ্লিষ্ট বিষয়ে সামাজিক আন্দোলন চলেছে বছর জুড়ে। এক ঝলকে ২০২৪-এর যশোর-
রাজনীতি : ৩০ মার্চ ৫০ নেতাকর্মী নিয়ে কথিত নাশকতা মামলায় আদালতে আত্মসমর্পন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরপরে ৫ আগস্ট পুলিশহীন যশোরের মানুষের নিরাপত্তার দায়িত্ব কাঁধে নেয় বিএনপি ও এর নেতা অনিন্দ্য ইসলাম অমিত। পাড়ায় পাড়ায় সুরক্ষা কমিটি গঠন করে সাধারণ নাগরিক তথা হিন্দু খ্রিষ্টান ধমালম্বীদের সুরক্ষা নিশ্চিত করে।
বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য যশোরের প্রাণপুরুষ তরিকুল ইসলামের মত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, রুহুল কবীর রিজভীসহ জাতীয় নেতারা যশোরে জনসভা করেছেন। ভবদহ অভিমুখি লংমার্চ ও গণ জামায়াতের মত জনঘনিষ্ট কর্মসূচি পালন করেছে বিএনপি। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্রার্থীরা নিরস্কুশ জয় লাভ করে।
পাশাপাশি প্রায় ১৭ বছর পর কর্মীসভা, রুকন সম্মেলন করে রাজনীতিতে প্রকাশ্য হয় জামায়াত। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তিন দিন যশোরে সভা করেছেন। এছাড়া দলীয় কর্মী হত্যার প্রতিবাদে জামায়াত বিক্ষোভ সমাবেশ করে।
বিগত ৫ মাসে সরকারের উপদেষ্টা মরহুম হাসান আরিফ, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) সাখাওয়াত হোসেন, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যশোর সফর করেছেন।
আওয়ামী লীগের গ্রুপিং : ৭ জানুয়ারি সংসদ নির্বাচন ও মে-জুনের উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের ঘরে ছিল বিবাদ। বিএনপির ভোট বর্জনের মধ্যে ফাঁকা মাঠে নিজেরা নিজেরা খেলতে গিয়ে পারস্পরিক দ্বন্দ্বে জড়ায় আওয়ামী লীগ নেতারা। বহিষ্কার, মামলা এমনকি পুলিশি আটকের মুখে পড়ে দলের নেতারা। জাতীয় সংসদ নির্বাচনে এক ভোট কেন্দ্রে বোমা হামলায় আনসার সদস্য আহত হন। মণিরামপুরে স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ইভিএম এ আঙুলের ছাপ না মেলায় অনেকে ভোট দিতে পারেনি। জেলা আওয়ামী লীগের নেতা আশরাফুল আলম লিটন ভোট সম্পর্কে বলেন, ‘ ভোটার বিহীন প্রশ্নবিদ্ধ নির্বাচন’। এরপরেও এ নির্বাচনে হেভিওয়েট শাহিন চাকলাদার ও স্বপন ভট্টাচার্য দলীয় কর্মিদের কাছে পরাজিত হন।
যবিপ্রবিতে শিক্ষাথীদের ধরে নিয়ে নির্যাতনের দায়ে ১৩ ছাত্রলীগ নেতা বহিষ্কৃত হন। সরকারি অফিসে হামলা করে যুবলীগের বহিষ্কৃত নেতা ম্যানসেল সহযোগীসহ আটক হয় ফেব্রুয়ারিতে, পৌর কাউন্সিলর টাক মিলন সহযোগীসহ আটক হয়। সে সময় অন্যান্য কাউন্সিলরদের ধরতে চলে পুলিশি অভিযান। আওয়ামী লীগের নেতারা পুলিশের ভয়ে আঁত্মগোপনে চলে যায়। ফেসবুক পোস্টকে কেন্দ্রে করে দাপটে নেতা আনোয়ার হোসেন বিপুল বহিষ্কৃত হন, প্রধানমন্ত্রীর আত্মীয় বিএনপি করে এ বক্তব্য দিয়ে বহিস্কার হন যুবমহিলা লীগ নেতা ফাতেমা আনোয়ার। বহিস্কারের আগে তিনি দলীয় এমপি নাবিলের বিরুদ্ধে সুবিধাভোগ ও পক্ষপাতিত্বের অভিযোগ করেন। জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে আইজীবীকে মারপিটের অভিযোগ ওঠে, পরে মামলা হয়। নাবিল আহমেদের দখলদারদের হটিয়ে এম এম কলেজ হোস্টেল দখলে নেয় শাহিন গ্রুপ। মুক্তিযোদ্ধার ঘর ভেঙ্গে সমালোচিত হন জেলা সভাপতি। পরে এ ঘটনায় মামলা হয়। বিতর্কিত কর্মকান্ডের জন্য যবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্র। চরম উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি সমাবেশ করে শ্রমিকলীগের দু’পক্ষ।
ছাত্র আন্দোলন : ঢাকার সাথে মিল করেই যশোরের ছাত্র জনতা মাঠে নামে। প্রতিদিনই চলে মিছিল সমাবেশ। ১৫ জুলাই চাঁচড়ায় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। ১৬ জুলাই আন্দোলনের সাথে থাকায় যবিপ্রবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদর বের করে দেয় ছাত্রলীগ। ১৭ জুলাই যশোর স্টেশনে এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেয় আন্দোলনকারীরা। এরপর ধারাবাহিক কর্মসূচি চললেও ২৯ জুলাই ছাত্র জনতার বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পণ্ড হয়। এ সময় আটক হয় একজন। ৩০ জুলাই লাঠিপেটায় ২০ শিক্ষার্থী আহত হন। ঢাকার আন্দোলনে নিহত জাবেরের মরদেহ ঝিকরগাছায় তার বাড়িতে পুলিশি পাহারায় দাফন করা হয়। ৫ আগস্ট বিজয় পর্যন্ত ছাত্ররা চাঁচড়া, মণিহার, দড়াটানাসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়। শেখ হাসিনার পলায়নের খবরে বিজয় মিছিল হয় শহর জুড়ে। আন্দোলনে আহত বেনাপোলের আব্দুল্লাহ ১৩ নভেম্বর মারা যান। তাকে বেনাপোলে দাফন করা হয়।
তামিমের বিশ্বজয় : ৮ ডিসেম্বর ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপ (অনূর্ধ্ব-১৯) দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম যশোরের সন্তান। শহরের বারান্দীপাড়া কদমতলায় জন্ম নেওয়া তামিমরা ২ ভাই ও ২ বোন। তার পিতা মোহাম্মদ হুসাইন যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও মা সুলতানা পারভিন গৃহিণী। তামিম যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। আজিজুল হাকিম তামিম অলরাউন্ডার। বাহাতে ব্যাট করেন এবং ডান হাতে অফস্পিন করেন। এশিয়া কাপের আগে ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। এই সিরিজে ওয়ানডেতে ৩-০ তে জয় পায় স্বাগতিকরা। এই সিরিজেও বাংলাদেশের নেতৃত্বে ছিলেন তামিম। এরপরই আলোচনায় উঠে আসেন এই ১৭ বছর বয়সী ক্রিকেটার। এশিয়া কাপ দিয়ে নিজের অবস্থান পক্ত করেন তিনি। বিশ্বকাপে ৪ ইনিংসে ১১২ গড় ও ৮৪.৮৫ স্ট্রাইক রেটে ২২৪ রান করেন। যেখানে একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি হাফ-সেঞ্চুরি রয়েছে। তামিমের মাধ্যমে যশোরের খেলোয়াড় সৃষ্টির বন্ধ্যাত্ব কাটতে যাচ্ছে।
সামাজিক আন্দোলন : জলাবদ্ধ ভবদহের পানি নিষ্কাশনের দাবিতে বরাবরই সোচ্চার ছিল ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। তারা ভবদহের ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করে আসছিল। কিন্তু তাদের দাবির বিষয়টি গুরুত্ব না দিয়ে পানি নিষ্কাশনের নামে চলে লুটপাট। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় গত ৬ অক্টোবর পানি সরানোর দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এলাকাবাসী। পরবর্তীতে আন্দোলনের মুখে ভবদহ এলাকা পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এর পাশাপাশি ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটিও সংবাদ সম্মেলন, সভা সমাবেশ করে আসছে। ২৫ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত মাসব্যাপী নদী অববাহিকায়(নওয়াপাড়া, বসুন্দিয়া, ছাতিয়ানতলা, রূপদিয়া, দায়তলা, রাজারহাট, যশোর, চুড়ামনকাঠি, চৌগাছা, তাহেরপুর, মহেশপুর, খালিশপুর, জীবননগর ও দর্শনায় বিক্ষোভ সমাবেশ ও এলজিইডি কার্যালয় যশোরে অবস্থান কর্মসূচি পালন করে।
যশোর থেকে ঢাকায় পাঁচটি ট্রেন যাতায়াতের দাবিতে নানা কর্মসূচি পালন করছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। তাদের দাবির প্রেক্ষিতে পদ্মাসেতু দিয়ে বেনাপোল-ঢাকা একটি নতুন রেল চালু হয়েছে। তবে আরো রেলের দাবিতে সংগঠনটি আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। ২৪ ডিসেম্বর নতুন রেল উদ্বোধনের দিনে তারা কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করে। এছাড়াও অন্যান্য সামাজিক আন্দোলন নানা কর্মসূচি পালন করছে।
কৃষিতে সাফল্য : যশোরের ফুল ফসল বরাবরই সাফল্য বনে এনেছে। ২০২৪ এ রসালো কমলা, আঙুর, রঙিন ফুল কপি, রঙিন বাঁধা কপি, রঙিন তরমুজসহ কয়েকটি বিদেশি ফল চাষ করে সাফল্য পেয়েছেন চাষিরা। এসব ফল চাষে কৃষকরা কৃষিতে নতুন স্বপ্ন দেখাতে পেরেছেন। বিশেষ করে প্রতিটি উৎসবের মৌসুমে ফুল এনে দিচ্ছে কোটি কোটি টাকা। তাছাড়া যশোর সবজি ও ধান উৎপাদনে উদ্বৃত্ত জেলা। বেড়েছে সরিষা ও গমের আবাদ।
রাসেলস ভাইপার : সারা দেশের মত যশোরের রাসেলস ভাইপার আতঙ্ক ছিল। তবে কোন জাতের সাপ শনাক্ত না হলেও আতঙ্কের মধ্যেই জেলায় অন্তত ৫ জনের মৃত্যু হয় সাপের কামড়ে।
অপরাধ : যশোরের অপরাধ প্রবণতা দিনকে দিন বেড়েইে চলেছে। ৫ আগস্টের পূর্বে ও পরে খুন খারাবির কোন যেন বিরাম নেই। প্রতিদিনই কোন না কোন হত্যার ঘটনা ঘটছে। এসব হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কলেজ শিক্ষক, রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, গৃহবধূ, হিজড়া, প্রবাসী, তরুন-যুবক সব শ্রেণির মানুষ। বেড়েছে চুরি ছিনতাই। চাকুবাজদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে।
এসপি আনিস : যশোরে এসপি আনিসের সাড়ে চার বছর(২০১৪-২০১৮) ছিল ‘বিভিষিকাময়’। তার সময়ে সরকার বিরোধীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। সরকার পতনের তার বিরুদ্ধে মামলা সিরিয়াল মামলা হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো মামলা দায়ের করছেন।
সড়ক দুর্ঘটনা : যশোরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ছিল খুবই স্বাভাবিক বিষয়। প্রতিদিনই কোন কোন দুর্ঘটনা খবর প্রকাশ হয়। দুর্ঘটনার শিকারদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহীদের সংখ্যা বেশি।
চিকিৎসা : চিকিৎসা ক্ষেত্রে বছর জুড়েই যশোর ছিল আলোচনায়। ২৫০ শয্যা হাসপাতালে শয্যার চেয়ে ৩গুণ বেশি রোগী চিকিৎসা নিয়েছে বছর জুড়ে। বছরের শুরু থেকেই হাসপাতালে চলছে ওষুধ সংকট। বছরের শেষে সে সংকট আরো প্রকট হয়েছে। ভুল চিকিৎসায় কয়েকটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও মামলার ঘটনা ঘটে। অনুমোদনের নানা জটিলতার কারণে বেশ কয়েকটা হাসপাতাল ক্লিনিকে সিলগালা করে দেয় স্বাস্থ্য বিভাগ। সেগুলো আবার চালু হয়েছে।
আত্মসমর্পণ : দুই দশক পর যশোরের আলোচিত সন্ত্রাসী আনিসুর রহমান লিটন ‘ফিঙে’ লিটন ০৪ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। গোপনীয়তার মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৯৯৯ সালে অস্ত্র আইনের একটি মামলায় লিটনের ১০ বছরের সাজা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। ওই মামলায় ৫৩ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে আবারো আত্মগোপনে চলে গেছেন।
২২ ডিসেম্বর অস্ত্র ও বিস্ফোরকসহ চার মামলায় আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে ১২৫ জনকে কারাগারে এবং ৪২ জনকে জামিন দেন আদালত।
সীমান্তে বিএসএফের গুলি : জানুয়ারিতে বেনাপোলের ধান্যখোলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়। নিহত সিপাহি মোহাম্মদ রইশুদ্দীনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
সীমান্তে বিএসএফের গুলি চালানোর আশঙ্কায় জুনে বেনাপোলে মাইকিং করে বিজিবি। এছাড়া বিভিন্ন সময়ে পাচারের শিকার প্রায় শতাধিক নারী শিশু ও মানুষ বেনাপোল দিয়ে ফেরত এসেছে। বছরের শেষদিকে সীামান্তে একদিনে তিন যুবকের লাশ পাওয়ার রহস্য এখনো ভেদ হয়নি।
সোনার বার : যশোরের সীমান্ত এলাকায় বিভিন্ন বাহিনীর অভিযানে কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। প্রতি মাসেই বড় বড় চালান আটকের খবর আসে। আটক সোনার মোট ওজন মণ কি মণ ছাড়িয়ে যাওয়ার কথা।
পুলিশ হেফাজতে মৃত্যু : অভয়নগর থানায়, পুলিশ হেফাজতে আফরোজা বেগম নামে এক নারীর মৃত্যু হয় ২ জুন। অভয়নগর থেকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আফরোজা বেগম যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া মহাশ্মশান নর্থ বেঙ্গল রোডের জলিল মোল¬ার স্ত্রী। এ মৃত্যুর বিষয়টি দেশি বিদেশি সব মাধ্যমে ফলাও করে প্রকাশ হয়।
বাণিজ্য : ১৪ বছর পর নির্বাচিত প্রতিনিধির হতে এসেছে যশোর চেম্বার অব কমার্স। ব্যবসায়ীরা খুশি তাদের সংগঠনের নবযাত্রায়।
বেনপোল দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সারা বছর সচল ছিল। তবে ইলিশ রপ্তানি ও চাল ডিম আমদানি ছিল আলোচনায়। যশোরের কাচা চামড়া বাজারের হতাশা কাটেনি।
শিক্ষা : যশোর বোর্ড ২০২৪ এর এসএসসির ফলাফলে দেশসেরা হয়। এইচএসসির ফলাফলে দেখা যায় উলটো চিত্র। যশোরের ফল সবচেয়ে খারাপ।
গাছ নিধন : যশোরের বিভিন্ন সড়ক থেকে জেলা পরিষদের গাছ যথেচ্ছা নিধন করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যানের সংশ্লিষ্টতায় গাছ নিধন হয় বলে খবর প্রকাশ পায়।
এছাড়াও যশোরের একটি পুরাকৃর্তির খনন শুরু, হরিজন পল্লীর বিদ্যুৎ বিল নিয়ে পৌরসভার সাথে জটিলতা, গানে শেখ হাসিনার নাম থাকায় ৫ আয়োজককে আটক করে ৬ ঘণ্টাপর মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া, শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, শহরে সার্স লাইট স্থাপন, জন্ম নিবন্ধন জালিয়াতিতে দুজন আটকসহ বেশ কিছু খবর ছিল হারিয়ে যাওয়া ২০২৪-এ।





