বিজয়ের মাস

0

মাসুদ রানা বাবু ॥ ডিসেম্বর ১৯৯১। পাকবাহিনীকে হটিয়ে দুটি সেনাবাহিনীসহ কয়েকটি অঞ্চল দখলে নেয়ার পর একাত্তরের এইদিনে যৌথবাহিনী কুমিল্লার ময়নামতি সেনানিবাস ঘিরে ফেলেন। এ সময় মুক্তি ও মিত্রবাহিনী সেনানিবাসের খানসেনাদের আত্মসমর্পণ করার সুযোগ দেন। এতে রণাঙ্গণে আরও বেশি দুর্বল হয়ে পড়ে পাকবাহিনী। এর সঙ্গে কূটনৈতিক যুদ্ধেও বিপর্যয় নেমে আসে পাকিস্তানের। এদিন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান। পাশাপাশি বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে ভারতীয় পার্লামেন্ট। দেশটির প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্লামেন্টে উল্লেখ করেন, পাকিস্তানের জেলখানায় বন্দি শেখ মুজিবুর রহমানকে প্রহসনমূলক বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করে পাকিস্তানের সামরিক সরকার। তিনি দখলদার পাকবাহিনীর হাত থেকে বাংলাদেশের নেতা ও জনসাধারণকে বাঁচানোর জন্য বিশ্বের রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। অপরদিকে, একাত্তরের এইদিনে পাকিস্তানের রাওয়ালপিন্ডিসহ সেনা দফতর থেকে পাকিস্তানি ইস্টার্ন কমান্ডের অধিনায়ক একে নিয়াজীকে জানানো হয় যে, টানা তৎপরতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এতে যুদ্ধের অন্তিমকালে নিয়াজী বিদেশি সাংবাদিকদের কাছে দম্ভোক্তি করে জানান যে, প্রাণ থাকতে তিনি আত্মসমর্পণ করবেন না এবং ভারতীয় ট্যাঙ্ক ঢাকা মহানগরীতে প্রবেশ করতে চাইলে তার মৃত দেহের ওপর দিয়ে যেতে হবে। চীনা তৎপরতার সংবাদে নিয়াজীর মনে ক্ষীণ সাহস সঞ্চার হলেও বাংলার দামাল ছেলেরা খানসেনাদের হটিয়ে বিজয় নিশানের দিকে এগিয়ে চলছিল।