বিএনপি বিভাজনের রাজনীতি করে না: মির্জা ফখরুল

0

লোকসমাজ ডেস্ক॥ বিএনপি বিভাজনের রাজনীতি করে না, ঐক্যের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে বৌদ্ধ ধর্মীয় নেতা মহাসংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, সুতরাং রাজনৈতিক বক্তব্য আজ দেওয়ার কথা নয়। আমরা মূলত যে কারণে এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, যারা এখানে বসবাস করি সেটা আমার দেশ, আমরা যারা এখানে বসবাস করি সবাই বাংলাদেশি। ধর্ম আলাদা হতে পারে, একেকজনের একেক ধর্ম হতে পারে, চিন্তাভাবনা আলাদা হতে পারে কিন্তু আমরা একটা জায়গায় এসে সবাই বাংলাদেশি। এই তত্ত্ব ও দর্শন যিনি আমাদের দিয়েছেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দেওয়া সে দর্শন থেকে জাতীয়তাবাদী দল আমরা বিশ্বাস করি, সেই দর্শনের মধ্য দিয়ে দেশের সব মানুষকে একত্রিত করতে সক্ষম হবো। কারণ বিভাজনের রাজনীতি আমরা করি না, আমরা সবসময় একটা ঐক্যের রাজনীতি করি।তিনি বলেন, বাংলাদেশকে যদি সমৃদ্ধ করতে হয়, বাংলাদেশকে তার আধ্যাত্মিকতার মধ্যদিয়ে যদি সামনে এগিয়ে যেতে হয় তাহলে সব বাংলাদেশির মধ্যে ইস্পাতকঠিন ঐক্য দরকার আছে।
বিএনপি মহাসচিব বলেন, বিশ্বের ধর্ম নিয়ে যত হানাহানি সেক্ষেত্রে বাংলাদেশে ধর্ম নিয়ে হানাহানি সবচেয়ে কম হয়। এটা বাস্তব কথা। কিছুসংখ্যক কুচক্রী আছে, তারা মাঝে মাঝে ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি করে। কিন্তু বাংলাদেশের মানুষ আজীবন একে অপরের সঙ্গে ভাই-ভাইয়ের মতো বসবাস করেছে। তবে বৌদ্ধধর্মের একটা প্রভাব শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব জায়গায় প্রভাব সৃষ্টি করেছিল, সেটা হচ্ছে এটা শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম। মানুষের কল্যাণের জন্য এই ধর্ম প্রচার করা হয়। মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের আজ সারা বিশ্বে এই শান্তি বিঘ্নিত হচ্ছে। বিশ্বে আজকে যুদ্ধ হচ্ছে। একদিকে যেমন মিয়ানমার থেকে রোহিঙ্গারা চলে এসেছে, অন্যদিকে কাশ্মীরের মানুষেরা নির্যাতিত হচ্ছে। এখন এই মুহূর্তে রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনের নারী-শিশুরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। সমগ্র বিশ্বে অশান্তি বিরাজ করছে। আর আমাদের দেশে ১৯৭১ সালে যে চেতনা নিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, মুক্তসমাজ নির্মাণ, এখানে সমস্ত ধর্মীয় মানুষের স্বাধীনতা নিশ্চিত হবে। কিন্তু দুঃখের কথা আজকের সেই জায়গা থেকে আমাদের দেশ বহু দূরে চলে এসেছে। আমাদের আজকে গণতান্ত্রিক অধিকার, ন্যূনতম ভোটের অধিকার, বাকস্বাধীনতা হরণ করা হয়েছে, ভিন্নমত পোষণকারীরা বিভিন্নভাবে নির্যাতিত-নিপীড়িত হচ্ছে।এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।