বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় যশোর প্রকম্পিত

0

স্টাফ রিপোর্টার ॥ কারও হাতে জাতীয় পতাকা,কারও দলীয় পতাকা,আবার কারও হাতে প্ল্যাকার্ড এমন সুসজ্জিত মিছিল সহকারে যশোর জেলা বিএনপি শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে যোগ দেন দলটির নেতাকর্মীরা। বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে বুধবার (১৯ জুলাই) জেলা বিএনপি শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালন করে। বেলা ১১ টায় জেলা বিএনপি কার্যালয় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও,সকাল থেকে ব্যানার,ফেস্টুন,প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন দলটি হাজার হাজার নেতাকর্মী। জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এভাবে একের পর এক মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। মিছিল সহকারে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হওয়া নেতাকর্মীদের মাথায় ছিল,রং বে-রংয়ের টুপি। কারও এক হাতে ছিল জাতীয় পতাকা,আরেক হাতে ছিল দলীয় পতাকা। আবার কারও হাতে ছিল বর্তমান সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন,প্ল্যাকার্ড। সেই সাথে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,বতর্মান চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছবি সংবলিত প্ল্যাকার্ড। দলীয় নেতাকর্মীদের একের পর এক এমন সুসজ্জিত মিছিল সহকারে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে গোটা এলাকা মুখরিত করেন। তারা সরকার বিরোধী নানা স্লোগানে স্লোগানে মাতিয়ে রাখেন । তাদের ব্যাপক উপস্থিতির কারণে জেলা বিএনপি কার্যালয়সহ গোটা আশপাশ এলাকায় তিলধারণের ঠাঁই ছিল না। জেলা সদরের বাইরে বিভিন্ন উপজেলা পৌর,ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এভাবে মিছিল সহকারে এসে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন। এরপর জেলা বিএনপি কার্যালয়ের সামনে পদযাত্রাপূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়। যেটি কেশবলাল সড়ক,রেল রোড,চৌরাস্তা মোড়,আর এন রোড হয়ে মনিহার এলাকায় খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। জেলা বিএনপির পদযাত্রাকালে সড়কের পাশের ব্যবসায়ী,পথচারী,বাসিন্দারা হাত নেড়ে কর্মসূচির প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান বলেন,বর্তমান সরকারের বিরুদ্ধে কেবল বিএনপি নয়,সমগ্র জনগণ ফুঁসে উঠেছে, যশোর জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রার মধ্য দিয়ে সেটি প্রমাণিত হয়েছে। যেখানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নামে। বর্তমান জনবিচ্ছিন্ন সরকারকে দক্ষিণ,পশ্চিম,উত্তর,পূর্ব চারদিকে দিয়ে ঘিরে রেখেছে। আর দক্ষিণ দিকে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে তার সৈনিকরা ঘিরে রেখেছে। তাই সরকারের পদত্যাগ ছাড়া কোনও রাস্তা খোলা নেই। জেলা বিএনপির সফল ও শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা সেটিই প্রমাণ করে।