বাঘারপাড়ায় বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় ৮ জনের নামে মামলা, গ্রেফতার ১

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ।। বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ধলগাঁ রাস্তার মোড়ে ২০১৮ সালে বিএনপি অফিস ভাঙচুর, দোকানের মালামাল লুট ও মারধরের ঘটনায় মামলা হয়েছে।

গত বুধবার রাতে জামদিয়া ইউনিয়ন যুবদলের সেক্রেটারি বাঘারপাড়া থানায় এ মামলা করেন। ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে এ মামলাটি করেছেন তিনি। এই মামলায় অন্য আসামিরা হলেন, ভিটাবল্যা গ্রামের মৃত আব্দুল হামিদ মাস্টারের ছেলে কামাল হোসেন, রায়পুর ইউনিয়নের সিলুমপুর গ্রামের কাদের মোল্লার ছেলে আলমাস কবির, নিত্যানন্দপুর গ্রামের হারুন মোল্লার ছেলে সবুজ হোসেন, জামদিয়া গ্রামের হোসেন আলী বিশ্বাসের ছেলে বকতিয়ার, সৈয়দ আলীর ছেলে ফারুক হোসেন, আব্দুস সালামের ছেলে নাজমুল হোসেন, আনছার মিনার ছেলে জাহাঙ্গীর হোসেন ।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামদিয়া ইউনিয়নের বিএনপির নির্বাচনী সকল কার্যক্রম বাদীর দোকানের পেছনে থাকা অফিসে পরিচালনা হোত। ওই বছর ২৭ ডিসেম্বর ১নং আসামি অন্যান্য আসামিদের নিয়ে বাঁশের লাঠি, লোহার রড, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি অফিস ভাঙচুর করে। এ সময় আসামিরা বিএনপি অফিসে আগুন ধরিয়ে দেয়। আসামিরা বাদীর দোকানে ঢুকে তাকে রড় দিয়ে পিটিয়ে গুরতর জখম করে। এ সময় আসামিরা তার মুদি দোকানের সমস্ত মালামাল লুট করে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, থানায় মামলা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত আসামি সবুজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে । বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।