বাঘারপাড়ায় বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বাঘারপাড়ায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের গণেশ সরকারের ছেলে রাজেন্দ্র নাথ সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে তিন জনের নাম উল্লেখ করে বাঘাপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন রাজেন্দ্র।
অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত দিজোবর বিশ্বাসের ছেলে পঞ্চানন বিশ্বাস (৫৫) ও রবিন বিশ্বাস (৬০) ও পঞ্চানন বিশ্বাসের ছেলে সুকান্ত বিশ্বাস (৩০)।
অভিযোগে রাজেন্দ্র বলেছেন, অভিযুক্তদের সাথে রাতে কথাকাটাকাটি হয়। এরপর আমরা রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে তিনটার দিকে প্রতিবেশীদের চিৎকারে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার শোয়ার ঘরের বারান্দায় রাখা খড়ের গাদায় দাউদাউ করে আগুন জ্বলছে। এরপর সবাই জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যায়। আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।
তিনি আরও বলেন, আগুন জ্বলার বিষয় কেউ জানতে না পারলে আমরা ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যেতাম। এতে রাজেন্দ্রর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর থেকে প্ররিত্রাণ ও ক্ষতিপূরণ পেতে মঙ্গলবার দুপুরে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।