ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

0
২০২৪ সালের অক্টোবরে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা।। ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য প্রদানকারীকে ২ কোটি ডলার বা প্রায় ২৫০ কোটি টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাকে প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার কথাও জানানো হয়েছে।

গত শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই অর্থ প্রদান করা হবে, যার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম, বিজ্ঞানী, গবেষক ও অন্যান্য ব্যক্তির সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। উল্লেখ্য, ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে এই কর্মসূচি চালু করা হয়েছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তাবিষয়ক বাধ্যবাধকতা না মানায় দেশটির পারমাণবিক কার্যক্রমে ঠিকমতো নজরদারি করা যাচ্ছে না। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজের মতো উপকরণ তৈরি ও এর মজুত সম্পর্কে সংস্থাটি তথ্য জানতে ব্যর্থ হচ্ছে।

যদিও ঠিক কী ধরনের তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার মিলবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো শর্ত জানানো হয়নি।

ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়েছে এবং আট মাসের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে দেশটি এখন চুক্তি করতে আগ্রহী। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত মঙ্গলবার জানিয়েছেন যে তাঁর সরকার এখনো আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের পথ খুঁজছে।