সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

0
ছবি: সংগৃহীত।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড। অভিযানে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবন অঞ্চলের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রেস্টোর পিস ইন সুন্দরবন ও অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি স্লুইসগেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। আটকরা হলেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। এরা সবাই শ্যামনগর উপজেলার বাসিন্দা।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টার দিকে শ্যামনগর থানার হরিণটানা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা জোনাব বাহিনীর সদস্য হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে কোস্টগার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।