বাঘারপাড়ায় ঘোড় দৌঁড়

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোর বাঘারপাড়ার দোহাকুল ইউনিয়নের ইন্দ্রা কয়ার বটতলা মাঠে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ৮০তম ঘোড় দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এদিনটিকে কেন্দ্র করে দূর- দূরান্ত থেকে আত্মীয়-স্বজনরা আসেন ইন্দ্রা গ্রামে। মঙ্গলবার দুপুর থেকেই লোক সমাগম ঘটতে থাকে কয়ের বটতলা নামক ইকো পার্কের পাশে। বিকেল তিনটার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় এ মাঠটি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ থেকে আসা ৩১টি ঘোড়া অংশগ্রহণ করে। উপজেলার ইন্দ্রা, মালঞ্চি, নারিকেলবাড়িয়া, রায়পুর, বাঘারপাড়া, খাজুরা, চাড়াভিটা, দোহাকুলা, ধলগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এই প্রতিযোগিতা উপভোগ করেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল কবির বিপুল ফারাজি, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামান, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, প্রভাষক নজরুল ইসলাম, বাসুয়াড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সর্দার, মাশরুল আলম প্রমুখ।
প্রতিযোগিতায় যশোরের অভয়নগরের জাহাঙ্গীর চৌধুরীর ঘোড়া প্রথম, বাঘারপাড়ার ইন্দ্রা গ্রামের মোহসিনের ঘোড়া দ্বিতীয়, অভয়নগরের পাথালিয়া গ্রামের উসমানের ঘোড়া তৃতীয়, নড়াইলের পেড়লী গ্রামের রবিউল শেখের ঘোড়া চতুর্থ এবং সাতক্ষীরা জেলার তালা গ্রামের খায়রুল ও বাঘারপাড়ার আগড়া গ্রামের সোহেলের ঘোড়া যৌথভাবে ৫ম স্থান অধিকার করে।